ad

মাঠে গড়াচ্ছে শীর্ষ ৫ লিগ, ট্রান্সফার মার্কেটে চড়ছে দাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১১: ২৮
স্ট্রিম গ্রাফিক

বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহখানেক। মাসব্যাপী ফুটবলে বুঁদ হয়ে থাকা ভক্তদের বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ক্লাব ফুটবল। তার আগেই অবশ্য উত্তাপ ছড়াচ্ছে ট্রান্সফার মার্কেট।

২০২৬–২৭ মৌসুমের দলবদলে খরচের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো। অ্যাস্টন ভিলা থেকে প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্সকে নিয়েছে চেলসি, নটিংহাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসনের জন্য প্রায় ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার সিটি।

টটেনহাম মাঝমাঠ ঢেলে সাজিয়েছে ১০০ মিলিয়নে সান্দ্রো টোনালি আর ৮৫ মিলিয়নে মাতেউস ফার্নান্দেসকে কিনে। লিভারপুল ও অ্যাস্টন ভিলাও প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড করে খরচ করেছে জেরেমি জ্যাকেট আর জোহান মানজাম্বির জন্য।

তবে দলবদলের সবচেয়ে বড় চমক এখনো বাকি। ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। দুই পক্ষের মধ্যে আলোচনা জোরালো হলেও, কোনো চুক্তি হয়নি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্যে, আইভরি কোস্টের তরুণ তারকা ইয়ান দিয়োমান্দে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে, আর্থিক ব্যবস্থাপনা ও স্কোয়াডের বেতন কাঠামোর নীতি মেনে দিয়োমান্দেকে দলে টানার দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে পিএসজি। নতুনদের দলে টানার ব্যস্ততার মধ্যেই অল হোয়াইট শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।

আর্সেনালও নজর রাখছে ভিনির দিকে। যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনো দেয়নি তারা। ভিনিসিউসের চুক্তির শেষ বছর চলছে— নতুন চুক্তি না হলে ফ্রি এজেন্টে তাঁকে হারানোর শঙ্কা আছে রিয়ালের। তাই এই মৌসুমেই তাঁকে বিক্রির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রিয়াল।

সবার আগে মাঠে ফিরছে লা লিগা- ১৫ আগস্ট দেপোর্তিভো আলাভেস-গেতাফে ম্যাচ দিয়ে। একই দিনে নামবে সেভিয়া ও রায়ো ভায়েকানোও। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ২৬ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ২৭ আগস্ট মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও।

বিশ্বকাপের মধ্যেই অবশ্য দলের বেশির ভাগটা গুছিয়ে নিয়েছে রিয়াল ও বার্সেলোনা। লিভারপুল থেকে ইব্রাহিমা কোনাতে ও ভলফসবুর্গ থেকে চার বছরের চুক্তিতে জানু লেভেলসকে নিয়েছে রিয়াল। এছাড়া ৫৫ মিলিয়ন ইউরোতে ২০৩২ পর্যন্ত চুক্তিতে মাদ্রিদে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা মার্ক কুকুরেয়া। বার্সা নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডনকে ৮০ মিলিয়ন ইউরোতে এনেছে ২০৩১ পর্যন্ত চুক্তিতে। আর একই মেয়াদে দলে টেনেছে ডর্টমুন্ডের করিম আদেয়েমিকে।

আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে দলবদলের উইন্ডো। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আরও কয়েকটি বড় চমক দেখা যেতে পারে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।

দলবদলের উত্তাপের পাশাপাশি মাঠের লড়াইয়েও ফিরতে প্রস্তুত হচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ায় বিশ্রাম ও প্রাক-মৌসুম প্রস্তুতির কারণে এবার কিছুটা দেরিতে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। তাই ফুটবলপ্রেমীদের অপেক্ষা আরও কয়েক সপ্তাহের। এরপরই ফিরবে চেনা শুক্র-শনি-রোববারের ফুটবল-উৎসব।

সবার আগে মাঠে ফিরছে লা লিগা- ১৫ আগস্ট দেপোর্তিভো আলাভেস-গেতাফে ম্যাচ দিয়ে। একই দিনে নামবে সেভিয়া ও রায়ো ভায়েকানোও। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ২৬ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ২৭ আগস্ট মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও।

প্রিমিয়ার লিগের পর্দা উঠছে ২১ আগস্ট, আর্সেনাল-কভেন্ট্রি ম্যাচ দিয়ে। ২২ আগস্ট হাল সিটির মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড, ২৩ আগস্ট ঘরের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। আর নিউক্যাসলের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল। চেলসি ২৪ আগস্ট খেলবে বাংলাদেশি ফুটবলার ফারহানের দল ফুলহামের বিপক্ষে।

সেরি-আতে বল গড়াবে ২২ আগস্ট— ইন্টার মিলান খেলবে মনজার বিপক্ষে। জুভেন্টাস ফ্রোসিনোনের সঙ্গে, এসি মিলান তোরিনোর সঙ্গে। লিগ ওয়ান ফিরবে ২৩ আগস্ট। আর সবশেষে মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা, ২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বায়ার্ন মিউনিখ-ভিএফবি স্টুটগার্ট।

Ad 300x250

সম্পর্কিত