আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২২১৬ টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৩: ৫৩
স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এআই দিয়ে তৈরি ছবি।

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১৩ হাজার ৪৩, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ এবং সনাতন পদ্ধতির সোনার প্রতিভরি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতিভরির স্বর্ণের দাম দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট থাকায় গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিভরি স্বর্ণের গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট আরোপ করা হয়েছে। এর আগে গয়নার মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো।

এদিকে, আন্তর্জাতিক বাজারে সোমবার স্বর্ণের দামে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৯২ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কম। তবে গত এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতিভরি ৪ হাজার ৬৬৫ টাকা এবং ২১ ক্যারেট রুপার প্রতি ভরির ৪ হাজার ৫৪৯ টাকা।

গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল স্বর্ণের দাম। এক লাফে প্রতিভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। বর্তমান মূল্য সেই সর্বোচ্চ দামের তুলনায় ৬২ হাজার ৯২৬ টাকা কম।

Ad 300x250

সম্পর্কিত