বগুড়ায় হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি: প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২৩: ১৮
২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইনস ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে ২১টি উড়োজাহাজ ভাড়ার চুক্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বগুড়ায় নতুন পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি উন্নয়ন পরিকল্পনা ও দেশীয় এয়ারলাইনসগুলোর বহর সম্প্রসারণ দেশের এভিয়েশন শিল্পকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও বহরে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও পশ্চিমাঞ্চলের যাত্রী পরিবহনে বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাংলাদেশকে এশীয় এভিয়েশন হাবের একটি বৈশ্বিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ার ঘোষণা দেশের এভিয়েশন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট (বিক্রয়) পল রেগি। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদসহ সরকারি-বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত