ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি, রেইনবোকে ১৯ লাখ টাকার জরিমানা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০: ০১
ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি, রেইনবোকে ১৯ লাখ টাকার রাজস্ব-জরিমানা। ছবি: সংগৃহীত

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরীক্ষায় চালানে অতিরিক্ত পণ্য ধরা পড়ার পর বিচারের মাধ্যমে সরকারের কোষাগারে এ অর্থ জমা করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনের একটি পণ্যের চালানে অভিযান পরিচালনা করা হয়। চালানটি খালাসের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে গত ৫ জুলাই সি-১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রি দাখিল করা হয়েছিল।

দাখিলকৃত নথিপত্রের সঙ্গে পণ্যের প্রকৃত ওজনের বড় ধরনের গরমিল লক্ষ্য করা যায়। আমদানিকারক প্রতিষ্ঠান চকলেটের ওজন ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি উল্লেখ করেছিল। প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি।

একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষিত ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজির পরিবর্তে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।

সব মিলিয়ে ঘোষণার তুলনায় চালানটিতে অতিরিক্ত ৫৪০ দশমিক ৪১ কেজি পণ্য বেশি পাওয়া যায়, যা ঘোষিত নিট ওজনের তুলনায় প্রায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।

ঘোষণাবহির্ভূত অতিরিক্ত পণ্য নিয়ে আসার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে জারি করা বিচারাদেশের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠানের ওপর রাজস্ব ও জরিমানা ধার্য করা হয়।

বিচারাদেশের মাধ্যমে আলোচ্য পণ্যচালানটি থেকে অতিরিক্ত শুল্ককর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা, আইন লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকা ধার্য করা হয়।

সব মিলিয়ে উক্ত চালানটি থেকে অতিরিক্ত শুল্ককর, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ সর্বমোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্পন্ন হয়েছে।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সময়োপযোগী পদক্ষেপ ও গোপন সংবাদের ভিত্তিতে নেওয়া কায়িক পরীক্ষণের ফলেই রাজস্ব ফাঁকির এই প্রচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত