‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০: ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক ‘হাঁস’ খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

সারোয়ার তুষার বলেন, ‘এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবি হওয়ার পরে হাঁস যদি ডুব দিয়ে নৌকাকে খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে।’

তিনি বলেন, ‘কাজেই সাধু সাবধান। আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু আপনি বলেন যে আওয়ামী লীগকে আসতেই হবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘একটা নির্বাচন জিতে যদি আপনি মনে করেন, এখন আপনি যা খুশি তা করার লাইসেন্স পেয়ে গেছেন, ব্যাপারটা এত সহজ না। আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে।’

রুমিন ফারহানাকে উদ্দেশ করে সারোয়ার তুষার বলেন, ‘দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না। হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁস খেয়ে ফেলব আমরা।’

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত