স্বাস্থ্যখাতের শূন্য পদ ৭৩ হাজার, নিয়োগ প্রক্রিয়া শুরু

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৩
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের লোগো।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের লোগো।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ হবে। এর মধ্যে সাড়ে ৭ হাজার নার্স এবং আড়াই হাজার চিকিৎসক রয়েছেন। এসব পদে ৮০ শতাংশই নারী নিয়োগ দেওয়া হবে, বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিং-সংশ্লিষ্ট পদে।

মন্ত্রী আরও জানান, এ ছাড়া তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মোট অনুমোদিত ২ লাখ ৩৪ হাজার ২৪ পদের মধ্যে ৭৩ হাজার ৪৫ পদই শূন্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমী দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জনবল নিয়োগের নির্দেশ দেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন শূন্যপদে চাকরির আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব পদের জন্য নতুন করে ছাড়পত্র নিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং আইনি জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন হাসপাতালে ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি পদ দ্রুত পূরণের জন্যও চিঠি দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়েছে। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ১১ থেকে ২০তম গ্রেডের ১ হাজার ৮৫৫ পদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত