‘ক্ষমতায়’ পিষ্ট দম্পতি, নিজবাড়িতে যাতায়াত মই ডিঙিয়ে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০: ৫৭
নিজের বাড়িতে প্রতিদিন মই ডিঙিয়ে যাতায়াত করেন বৃদ্ধ দম্পতি। স্ট্রিম ছবি

নিজের ভিটেবাড়িতে কার্যত অবরুদ্ধ বৃদ্ধ দম্পতি। প্রভাবশালীর কাছে জমি বিক্রি না করায়, বাড়ির প্রধান ফটকের সামনে প্রাচীর দেন তিনি। এরপর প্রায় আট বছর ১০–১২ ফুট উঁচু ইটের প্রাচীর মই ডিঙিয়ে আসা-যাওয়া করছেন ঝালকাঠি সদরের মানপয়সা গ্রামের আনিসুর রহমান ও তাঁর স্ত্রী রাশিদা বেগম।

ভুক্তভোগী দম্পতি ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার নগরচরে ১৯৯৫ সালে চার শতাংশ জমি কিনে বাড়ি করেন। এই বাড়িতেই তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে কাঠের মই বেয়ে বা পাশের বাড়ির ছাদ ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে। বয়সের ভারে ন্যূব্জ এই দম্পতিকে চিকিৎসা থেকে নিত্যপ্রয়োজনীয় সব বিষয়ে ঝুঁকিপূর্ণ পথটি ব্যবহার করতে হচ্ছে।

প্রাচীর টপকে বাড়ি যান আনিসুর রহমান। স্ট্রিম ছবি
প্রাচীর টপকে বাড়ি যান আনিসুর রহমান। স্ট্রিম ছবি

সরেজমিন দেখা যায়, নগরচরে মই বেয়ে দেয়াল ও ছাদ টপকাতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন আনিসুর ও পরিবারের সদস্যরা। যেকোনো সময় মই থেকে পা পিছলে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

আনিসুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ আমলে প্রভাবশালী আয়ুব মেম্বারের ভাই মো. আসলাম জোর করে ১০ লাখ টাকা দিয়ে আমার জমি কিনতে চান। আমি রাজি হইনি। এরপর তিনি বাড়ির ফটকের সামনে লম্বা দেয়াল তুলে দেন।’

রাশিদা বেগম জানান, পরিবারের কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিতে বেশ দুর্ভোগে পড়তে হয়। অন্যের বাড়ির ছাদ দিয়ে যেতে হয়।

নিজে প্রাচীর টপকানোর পর স্ত্রীকে সহায়তা করছেন আনিসুর রহমান। স্ট্রিম ছবি
নিজে প্রাচীর টপকানোর পর স্ত্রীকে সহায়তা করছেন আনিসুর রহমান। স্ট্রিম ছবি

মো. আসলামকে ফোনে পাওয়া যায়নি। তাঁর বাড়ির ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, রেজা নামে এক ব্যক্তির কাছ থেকে আসলাম চার শতাংশ জমি কেনেন। পরে আনিসুর রহমান বিএস রেকর্ডে ওই জমির পাশ দিয়ে একটি রাস্তা অন্তর্ভুক্ত করান। এই রেকর্ড বাতিলের জন্য আদালতে মামলা করা হয়েছে।

ঢাকা-২ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান জানান, খবর নিচ্ছেন তারা। ভুক্তভোগী পরিবার যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, মাঠ পর্যায়ের প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে দখল করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত