মগবাজারে চার গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯: ২৯
মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অন্তত চারটি যানবাহন। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) গভীর রাতে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্র্যান্ড প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নড়াইল সদর থানার মধুগাতী গ্রামের জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২)। এই ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং থানার গলতলী গ্রামের রিপন হোসেন (৪০) আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ চারটি গাড়িকে ধাক্কা ও চাপা দেয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। আহত তিনজনকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী দোকানকর্মী নাসির হোসেন বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ফুটপাথ ঘেঁষে সেটি থেমে যায়। গাড়িটির চালক তখনই নেমে পালিয়ে যান।

রমনা থানার ওসি ইয়াসিন মিয়া জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে রিয়াদ হোসেনও মারা যান।

দুর্ঘটনাস্থলে যাওয়া রমনা থানার এসআই মো. বাবুল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে অবস্থায় পান। কাভার্ড ভ্যানটি একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত