ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পীরগাছা থানার ৪ পুলিশ প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১: ১৬
সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল হোসেন বকশী। ছবি: সংগৃহীত

পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশী (৩০) নিহতের ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে ঢাকা ও রংপুরে পৃথক কমিটি হয়েছে।

পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই ওসমান আলী এবং কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা মনোয়ারুলের সাভারের বাসায় অভিযানে অংশ নিয়েছিলেন।

মনোয়ারুল হোসেন বিপিএটিসির নিরাপত্তারক্ষী জাফর আলী বকশীর ছেলে ও সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতীবান্ধা গ্রামে।

অভিযোগ ওঠে, পীরগাছার এক কিশোরীকে প্রেমের সম্পর্কে এনে মামা মনোয়ারুল হোসেনের বাসায় তোলেন তাঁর ভাগনে। মেয়েটির পরিবারের জিডির সূত্রে বাসাটিতে অভিযান চালায় পীরগাছা থানার পুলিশ।

গত ৬ আগস্ট রাত ১২টার পরে সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে পাঁচ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতা মনোয়ারুল নিহত হন। এই সময়ে এক কিশোরীর সন্ধানে তাঁর বাসায় সাভার মডেল থানার সহায়তায় অভিযান পরিচালনা করছিল পীরগাছা থানার পুলিশ।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্যকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত