ইনস্টিটিউট ও ৫০০ শয্যার হবে টিবি হাসপাতাল: ববি হাজ্জাজ
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।
টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি বলেন, ইনস্টিটিউটে রূপান্তর হলে যক্ষা রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। এতে চিকিৎসাসেবার সক্ষমতাও বৃদ্ধি পাবে। তিনি জানান, হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকট দূর করা জরুরি। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শূন্য পদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ববি হাজ্জাজ হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে তাদের দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। রোগীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।
হাসপাতালের উপপরিচালক ডা. আয়শা আক্তারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
.png)

-7c29dd-256x144.webp)




