ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার, ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২: ১০
উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য। স্ট্রিম ছবি
উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য। স্ট্রিম ছবি

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নোঙর করা একটি বালু তোলার ড্রেজারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া জিনিসপত্র ও ১টি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

সংবাদ সম্মেলনে জানান হয়, গত ১১ আগস্ট গভীর রাতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি ড্রেজারে ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা ড্রেজারের চারজন কর্মীকে এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ড্রেজার থেকে দুটি ব্যাটারি, একটি ওয়েল্ডিং মেশিন, দুটি গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ অর্থসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ড্রেজার মালিক মোস্তফা সাইদুজ্জামান গত ১৩ আগস্ট বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে ঢাকা জেলা, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবির হাসান ওরফে আপ্পা (২৪), আরকান ওরফে আলিফ ইসলাম ছোটন (২৪) এবং মনা খান ওরফে মনির (৪৫)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশে ভাড়াটিয়া হিসেবে থেকে এই অপরাধ চক্র গড়ে তুলেছিল।

ধামরাই থানা-পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার একটি শিপইয়ার্ডের পাশে আবাদি জমি ও ইটের স্তূপের কাছ থেকে মাটির নিচে প্লাস্টিকের বস্তা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১টি পাইপগান, ১টি লোহার কাটার, ৪টি শাবল, ৩টি ক্র্যাকার, ৫টি হাসুয়া, ১টি কাচি, ২টি দা ও ১টি র‍্যাত রয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত