
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড়ে একটি আমগাছে পাওয়া গেছে তাঁর শার্ট ও স্যান্ডেল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের চক কোয়ালীপাড়ায় নিজের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের পুকুরটিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। শাহজাহান ওই এলাকার প্রয়াত নাদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পুকুরটি স্থানীয় আব্দুল খালেকের। শুক্রবার রাতে পুকুরপাড়ের ঘরে শাহজাহান ও এলাকার রফিকুল ইসলাম একসঙ্গে মুড়ি খান ও গল্প করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান বাড়িতে যাওয়ার কথা বলে বের হলেও বাড়ি ফেরেননি।
তারা আরও জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ের আমগাছে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখে পরিবারের সদস্যদের জানান। এরপর স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তারা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, ধারণা করা হচ্ছে, পুকুরে গ্যাসের কারণে মরা মাছ ধরতে পানিতে নেমেছিলেন শাহজাহান। কোনো কারণে আর উঠতে পারেননি।
শাহজাহানের ছেলে আসিফ আলী বলেন, বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফিরলেও তারা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন। সকালে পুকুরপাড়ে শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
.png)






