কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ মিলল জঙ্গলেই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি: মায়ের ফেসবুক থেকে নেওয়া
সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি: মায়ের ফেসবুক থেকে নেওয়া

ছেলের সন্ধানে হয়রান মা লিখেছিলেন– ‘ছেলেকে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে? ও কি বেঁচে আছে?’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের এই পোস্ট শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাইরাল হয়।

ফুটফুটে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের (১৩) সন্ধানে অনেকেই পোস্টটি শেয়ার দেন। কিন্তু তাকে জীবিত পাওয়া যায়নি। মায়ের ‘নাড়ি ছেঁড়া ধন’ অপ্রতিমকে পাওয়া গেছে জঙ্গলেই। পুলিশ শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে।

নাহিদা বেগম ও কেএম ফিরোজ শাহরিয়ার দম্পতির সন্তান অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে সে নিখোঁজ হয়। সে সময় অপ্রতিমের পরনে ছিল পাঞ্জাবি। শুক্রবার রাতেই সদর দক্ষিণ থানায় জিডি করেন অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার।

পাঞ্জাবি পরা অবস্থাতেই অপ্রতিমের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের খবরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

মা নাহিদ বেগম সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন, অপ্রতিম তাঁর আইফোন লুকিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত