
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উৎপাদনে এসেছে। নতুন এই কূপ থেকে দিনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু মানুষের মধ্যে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য দূর করতে সহায়তা করবে। গ্যাসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চাহিদা ও সরবরাহের পার্থক্য শূন্যে নামিয়ে আনা হবে।
গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর এলাকায় তিতাস ২৮ নম্বর কূপ খনন শুরু করে। কাজ শেষ হয় গত ২৭ মে। এরপর পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয় ১৯ জুন। এরই মধ্যে কূপটি থেকে প্রায় ২০০ কোটি টাকার গ্যাস সরবরাহ করা হয়েছে।
এই কূপের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, কূপটিতে ওয়েলহেড শাট-ইন প্রেসার ৩৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার ২১০০ পিএসআই। দীর্ঘ সময় কূপটি থেকে গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব জিয়াউল হক, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)






