
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতন কাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতন কাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। তাই প্রজ্ঞাপন জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।
প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতন কাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও এর উপরের গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামোতে প্রথম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বেড়েছে।
.png)








