
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতিমধ্যে জানিয়েছেন তিনি।
অপর একটি সূত্রের দাবি, গত মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিষয়টি সংবেদনশীল হওয়ায় তিনটি সূত্রই পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
মন্তব্য জানতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাড়া দেননি। গত ডিসেম্বরে রয়টার্সকে তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
সূত্রগুলোর মতে, স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানানোর পর এ তথ্য সামনে এল।
.png)






