শাহজালালে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২: ২৯
শাহজালালে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে। এ লক্ষ্যে সরকার কাজ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাত করতে এলে বাংলাদেশ-জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিমান পরিবহন খাতের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান উন্নয়ন সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়েও মতবিনিময় হয়।

আফরোজা খানম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে অপারেশনাল প্রস্তুতি এবং বিমানবন্দর স্থানান্তর (ওআরএটি) কার্যক্রম দ্রুত শুরুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠক শেষে ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু হওয়া উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

Ad 300x250

সম্পর্কিত