১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে রদবদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। স্ট্রিম গ্রাফিক

দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৯ শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

একই দিন ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে শুধু নিয়োগেরই ২০টি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর বাইরে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নিয়োগের জায়গায় বর্তমানে দায়িত্বরতদের অব্যাহতির প্রজ্ঞাপনও জারি হয়েছে। ১৯ পদের মধ্যে তিনটিতে উপাচার্য, ৯টিতে উপ-উপাচার্য এবং সাতটিতে ট্রেজারার পদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন রাবির ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম শফিউর রহমান। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন রাবির ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাবির উর্দু বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন রাবির পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আবদুস সোবহান।

এ ছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. এমতাজ হোসেন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগমকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মোছাম্মাৎ নুর মহল আখতার বানু। এছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়াদি দেখভালের জন্য সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ বা ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. নাজমুল হোসাইন নিয়োগ পেয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দীন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পদের দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।

এ ছাড়া কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঢাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস আলী এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাবির ফোকলোর ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। তবে অবসর গ্রহণের বয়সসীমার কারণে চার বছর পূর্ণ না হলে ওই সময় পর্যন্তই তাঁরা পদে বহাল থাকবেন। নিয়োগপ্রাপ্তরা তাঁদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং শর্ত অনুযায়ী তাঁদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এসব নিয়োগ বাতিল করতে পারবেন।

Ad 300x250

সম্পর্কিত