leadT1ad

গণনায় দেরিতে ৩ ব্যালটের ব্যাখ্যা ইসির, তবু সংশয়

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের পাশাপাশি পোস্টার ব্যালটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে পোস্টাল ব্যালট গোনার আগে পেরোতে হবে একাধিক ধাপ। তবে ইসির এমন ব্যাখ্যার পরও ভোটের ফল নিয়ে সংশয় কাটছে না।

ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের ভাষ্য, ভোট শেষের দীর্ঘ সময় পর ফল ঘোষণা হলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হতে পারে। কোনো একটি পক্ষে ফল ঘোরানোর সুযোগ তৈরি হবে।

তারা বলছেন, তিন ধরনের ব্যালটের কারণে গণনায় বেশি সময় লাগার বিষয়টি আগে থেকেই ইসির জানা। সেই অনুযায়ী গণনায় বেশি কর্মকর্তা নিয়োগ দিলেই হতো।

মুন্সীগঞ্জ-১ আসনের ভোটার রাকিব হোসাইন ভূইয়ান স্ট্রিমকে বলেন, ‘শুনলাম তিন দিন পর নাকি ফলাফল দেবে। আসলেই কি এতো দেরি হবে? এতো দেরি হলে তো ফলাফলে ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা থাকে।’

ঢাকা-১৪ আসনের ভোটার সিমান্ত আহমেদ স্ট্রিমকে বলেন, ‘ভোটের ফলাফল কেউ বলছেন দেরি হবে, আবার কেউ বলছে তাড়াতাড়িই দেবে। বেশি দেরি হলে আবার ইঞ্জিনিয়ারিং হবে না তো!’

শনিবার সংবাদ সম্মেলনে সরাসরি এ বিষয়ে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ।’

বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুভূতির অপব্যবহারের পাশাপাশি জাল ভোট দিতে বিপুলসংখ্যক বোরখা ও নিকাব তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অবশ্য ফল ঘোরানোর এমন আশঙ্কা সরাসরি নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি স্ট্রিমকে বলেন, ‘ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন, পর্যবেক্ষকরাও পারবেন। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ অনুমোদিত সবাই থাকবেন। ফলে রেজাল্টে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর সংসদ নির্বাচনের ব্যালট, গণভোটের ব্যালট ও ডাকযোগে আসা পোস্টাল ব্যালট গণনা শুরু হবে।

ইসির কর্মকর্তা বলছেন, তিন ধরনের ব্যালট হওয়ায় গণনায় বেশি সময় লাগার বিষয়টি মহড়াতেই বোঝা গিয়েছিল। ওই সময় পোস্টাল ব্যালট গুনতে সময় লেগেছিল ১ মিনিট ৩০ সেকেন্ডের বেশি। আর সাধারণ ভোট ও গণভোটের ব্যালট গুনতে লাগে ১ মিনিটের কম। মূল গণনায় এই সময়ের খুব একটা হেরফের হবে না।

কর্মকর্তাদের ভাষ্য, কেন্দ্রে ভোট গণনা তাড়াতাড়ি শেষ হলেও পোস্টাল ব্যালটে দেরি হবে। আর পোস্টাল ব্যালটের তথ্য ছাড়া মূল ফলাফল ঘোষণা করা সম্ভব হবে না।

এসব কারণে ফলাফল ঘোষণার সময় এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারেনি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও এ বিষয়ে সরাসরি কিছু বলেন। গণনার প্রক্রিয়া নিয়ে তিনি স্ট্রিম বলেন, ‘ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে। আর পোস্টাল ব্যালটের গণনা অন্য জায়গায় হবে। সাড়ে ৪টার পর থেকেই ওই ভোট গণনা শুরু হবে। তবে কিছু কেন্দ্রে এক্ষেত্রেও দেরি হবে। কারণ, সাড়ে ৪টার মধ্যে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তারা সবাই ভোট দেবেন। ফলে সঠিক সময় বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া রেজাল্ট ও পোস্টাল ব্যালটের রেজাল্ট একত্রিত করে ঘোষণা করা হবে। এ ছাড়া গণভোটের ভোটও গণনা করা হবে। গণনা শেষ করতে যতক্ষণ প্রয়োজন সেটি তো দিতে হবে।’

অবশ্য আব্দুর রহমানেল মাছউদ সরাসরি উত্তর না দিলেও ফলাফল ঘোষণা করতে শেষ রাত কিংবা পরদিন লাগতে পারে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা রাখছি। বড় জোর শেষ রাত বা পর দিন হতে পারে।’

পোস্টাল ব্যালট গণনা হবে যেভাবে

ইসির কর্মকর্তারা বলছেন, এবার গণনায় মূল দেরিটি হবে পোস্টাল ব্যালটে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্ধারণ করে দেওয়া কক্ষে পোস্টাল ব্যালট গোনা শুরু হবে। এ জন্য প্রতিটি সংসদীয় আসনে একজন করে মোট ৩০০ প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি। এ সময় প্রার্থীর মনোনীত একজন করে পোলিং এজেন্টও উপস্থিত থাকতে পারবেন।

গণনার শুরুতে খাম খুলে ঘোষণাপত্রে ভোটারের সই যাচাই করা হবে। যথাযথ সইযুক্ত ঘোষণাপত্র থাকলেই ব্যালট বৈধ হিসেবে গণনা হবে। ঘোষণাপত্রে নাম বা এনআইডি না থাকলেও শুধু সই থাকলেই ব্যালট বৈধ হবে, না হলে ব্যালট বাতিল হবে। সব বৈধ ব্যালট আলাদা করে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নির্ধারণে অন্তর্ভুক্ত করা হবে।

তারা বলছেন, কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট প্রাথমিকভাবে গণনা করা হবে। তবে এখানে ঘোষণাপত্র যাচাই-বাছাইসহ একাধিক ধাপ পার করে গণনা শুরু করতে হবে। সেজন্য এখানেই সবচেয়ে বেশি সময় প্রয়োজন হবে।

Ad 300x250

সম্পর্কিত