মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ১৫ গ্রাম প্লাবিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০: ০১
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসল, মৎস্য খামার ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে এ পরিস্থিতির হয়। বাঁধ ভেঙে উপজেলার সদর ও জয়চণ্ডী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।

প্লাবিত গ্রামের মধ্যে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চণ্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের খেত, আউশের বীজতলা এবং শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাঁধ ভেঙে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামেই প্রায় ২০ বিঘা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, বাঁধ ভাঙনের কারণে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে মৎস্য খামার, বোরো ধান ও আউশের বীজতলার ক্ষতি হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পাহাড়ি ঢলে ১০-১৫টি এলাকায় পানি প্রবেশ করেছে এবং কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সহায়তা করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত