দুই বছর পর কলেজে যোগ দিতে এসে মারধরের শিকার অধ্যক্ষ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

নওগাঁয় অধ্যক্ষের উপর হামলার পর তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত
নওগাঁয় অধ্যক্ষের উপর হামলার পর তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

নওগাঁয় দুই বছর পর পুনরায় কলেজে অধ্যক্ষ পদে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জিএম মাসুদ রানা জুয়েল। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অধ্যক্ষকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকজন ব্যক্তি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন। পরে তদন্তের পর এবং জুলাই গণঅভ্যুত্থানের পর কলেজে উপস্থিত না থাকায় প্রায় দুই বছর আগে মাসুদ রানা জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালতের আদেশে তিনি চাকরিতে পুনর্বহাল হন। কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রোববার(২০ সেপ্টেম্বর) তিনি যোগ দিতে যান। এ সময় তার উপর হামলা করা হয়।

আবাদপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে মাসুদ রানা জুয়েল যখন কলেজের অফিসকক্ষে ছিলেন তখন কয়েকজন লোক তাকে থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর শুরু করে। পরে তার মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা জুয়েলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অধ্যক্ষের ভাই প্রিন্স আহম্মেদ বলেন, কলেজে যোগ দিতে গেলে কয়েকজন তাঁদের দুজনকে মারধর করেন। তাঁদের হামলায় মাসুদ রানা জুয়েলের এক হাত ও এক পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আঃ মঃ আখতারুজ্জামান বলেন, মাসুদ রানার দুপুরের পরে হাসপাতালে ভর্তি হয়। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তার এক হাত এবং এক পা ভেঙে গেছে।

কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, অধ্যক্ষকে মারধর ও তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত