পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় গ্রেপ্তার ১, অস্ত্র উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৯
গ্রেপ্তারের প্রতিকী ছবি। স্ট্রিম গ্রাফিক
গ্রেপ্তারের প্রতিকী ছবি। স্ট্রিম গ্রাফিক

রাজধানীর পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা ও গুলির ঘটনায় ভইরা-দে গ্রুপ নামে পরিচিত আশিক গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি (সাবেক র‌্যাব)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মামলার ২ নম্বর আসামি মো. আতিককে (২২) পল্লবীর মোহাম্মদিয়া মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আতিকের দেওয়া তথ্যে পরে গোলাগুলির ঘটনায় জড়িত রবিন, ইব্রাহিম, শাহিন, আল আমিনসহ গ্যাং সদস্যদের আড্ডাস্থল পল্লবী ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এ অভিযান চালায় এসআরবি-৪। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে সেখানকার একটি টিনের ঘরের পেছন থেকে ১টি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পল্লবীর সবুজবাংলা এলাকায় বেসরকারি টেলিভিশন বাংলা টিভির প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পারভেজের অভিযোগ, দুটি মোটরসাইকেলে চারজন সশস্ত্র সন্ত্রাসী গভীর রাতে বাসায় এসে তাঁকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এসআরবি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে রবিন (২২) নামে একজনকে শনাক্ত করে। গতকাল দুপুরে পল্লবীর তালতলা বস্তি এলাকায় রবিনের বাসায় অভিযান চালালেও তিনি পালিয়ে যান। পরে তার মা ডলি বেগমকে ৭৪৫ পিস ইয়াবা এবং ১৫ গ্রাম ইয়াবার গুড়াসহ গ্রেপ্তার করা হয়।

এরপর রাতে গোপন তথ্য পেয়ে রবিনকে গ্রেপ্তারে মোহাম্মদিয়া মার্কেট এলাকায় অভিযান চালায় এসআরবি। সেখান রবিনকে না পেলেও গ্রুপের অন্যতম সদস্য একাধিক মামলা আসামিকে আতিককে পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আতিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই প্রতিবেদক আশিক গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ে সংবাদ সম্প্রচার করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে গ্রুপের প্রধান আশিকের নির্দেশে তার সহযোগীরা ওই হামলা চালায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত