ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, সনদ যাচাই বাধ্যতামূলক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৭
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোতে এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া প্রবেশিকা পর্যায়ে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। মূলত মেধার ভিত্তিতে ব্যাংকে নিয়োগ কার্যকর করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, নিয়োগের পর যোগদানের এক বছরের মধ্যে প্রার্থীর সনদ বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। জাল সনদ ধরা পড়লে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় এমন পদে (যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার কিংবা ক্যাশ অফিসার) সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। এর জন্য ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরির তথ্য প্রদানকারী ওয়েবসাইটের পাশাপাশি কমপক্ষে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বাধ্যতামূলকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

অভিজ্ঞদের জন্য প্রবেশিকা পদ ছাড়া অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় প্রতিটি ব্যাংককে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নিজ নিজ পরিচালনা পর্ষদ থেকে অনুমোদিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন অথবা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত