বাংলাদেশি রোগী ফেরাতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল
স্ট্রিম ডেস্ক

চিকিৎসা পর্যটনে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে কলকাতার কয়েকটি হাসপাতাল। কয়েক সপ্তাহের মধ্যে এসব দল বাংলাদেশে এসে রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলবে। পাশাপাশি কলকাতায় নিরাপদ ও অনুমোদিত হোটেল বুকিংয়েও সহায়তা করবে তারা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
বাংলাদেশি রোগীদের আবাসনের সমস্যা সমাধানে ইতোমধ্যে হাসপাতালের আশপাশের হোটেল ও গেস্ট হাউসগুলোর সঙ্গে চুক্তি করেছে কয়েকটি হাসপাতাল।
সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি। এ ঘটনার পর কলকাতার তুলনামূলক নিম্নমানের হোটেল ও গেস্ট হাউসগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়।
এরপর কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নোটিশ জারি করে বাংলাদেশ হাইকমিশন। এতে কলকাতায় আসার আগে অনুমোদিত ও নিরাপদ হোটেল বুক করার পরামর্শ দেওয়া হয়। ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করতেও বলা হয়।
কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, রোগীদের চিকিৎসার পুরো প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করতেই হাসপাতালের আশপাশে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, রোগীদের নিরাপত্তা ও সুরক্ষা হাসপাতালের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই হাসপাতালের কাছেই নিরাপত্তাব্যবস্থাসহ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই এসব সুবিধা চালু হবে।
বাংলাদেশি রোগীদের জন্য আলিপুর এলাকার একাধিক গেস্ট হাউস ও হোটেলের সঙ্গে চুক্তি করেছে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল। হাসপাতালটিও বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে।
উডল্যান্ডসের সিইও ও অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া বলেন, বাংলাদেশি রোগীদের নিরাপদ হোটেলে থাকার বিষয়ে সচেতন করা হবে।
তিনি জানান, আগামী দুই সপ্তাহে যেসব বাংলাদেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন, তাদের আলিপুর এলাকার গেস্ট হাউস ও হোটেলগুলোর একটি তালিকা দেওয়া হচ্ছে। কিছু রোগী ইতোমধ্যে হাসপাতালের সহায়তা চেয়েছেন, আবার অনেকে নিজেরাই হোটেল বুক করেছেন।
বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ডেস্ক
বাংলাদেশি রোগীদের সঙ্গে যোগাযোগের জন্য এর আগেও প্রতিনিধি দল পাঠিয়েছিল রুবি জেনারেল হাসপাতাল। এবার কলকাতায় চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করা রোগীদের সহায়তায় বিশেষ ডেস্ক চালু করছে হাসপাতালটি।
রুবির চিফ জেনারেল ম্যানেজার (অপারেশনস) সুভাস দত্ত বলেন, হাসপাতাল ইতোমধ্যে রোগীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পাশাপাশি হাসপাতালের কাছাকাছি নিরাপদ থাকার জায়গাগুলোর একটি তালিকাও তৈরি করা হয়েছে।
তিনি বলেন, রোগীদের কলকাতায় আসার আগেই হোটেল বুকিংয়ে সহায়তা করা হচ্ছে।
.png)






