আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২০: ০৬
শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় একটি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত
শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় একটি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা মাদক, দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা উন্নয়নের কথা বলছি। আমরা ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপায় একটি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের (আন্ত ইউনিয়ন) ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আসুন আমরা বদলে যাই, বদলে দেই। নিজে বদলাই, সমাজকে বদলে দেই।

তিনি বলেন, শৈলকুপার বারইপাড়া গ্রামে সরকারি জলাশয়ে ব্যক্তিগত উদ্যোগে আমরা মাছ ছেড়েছি। গ্রামবাসীকে দুটি শর্ত দিয়েছি। এখানে জাল দিয়ে ও ব্যবসায়িক কারণে কেউ মাছ ধরতে পারবে না। এই জলাশয়ের মাছ গোটা গ্রামবাসীর জন্য উন্মুক্ত। সারা বছর গ্রামের বাসিন্দারা জলাশয় থেকে বড়শি, হাত দিয়ে ধরে খেতে পারবে।

আইনমন্ত্রী বলেন, প্রতিটা গ্রামেই বাংলাদেশের কোনো না কোনো আমাদের সূর্যসন্তান আছে। তারা গ্রামের সবাই মিলে চাঁদা তুলে হলেও ১০ হাজার টাকা দিয়ে গ্রামবাসীর জন্য সরকারি পতিত জলাশয়ে মাছ ছাড়ুক।

তিনি আরও বলেন, আমরা যদি অন্যায় করি, ভুল পথে যাই আমাদের ভুল ধরিয়ে দেন। আমাদের ভুল আপনারা সঠিকভাবে ধরিয়ে দিলে আমরা সেই ভুল সংশোধন করব। সেই ভুল সংশোধন করার পথে আপনাদের অতন্দ্র প্রহরীর মতো আপনারা পাশে থাকবেন।

এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত