ড. মোহাম্মাদ আনিসুর রহমান

ঢাকার মতো একটি জনবহুল ও ব্যস্ত নগরীতে মেট্রো রেল কেবল যাতায়াতের সময়ই কমায়নি, বরং শহুরে গণপরিবহনের মান ও নিরাপত্তায় যোগ করেছে এক নতুন মাত্রা। আধুনিক অবকাঠামো, সিসিটিভি নজরদারি এবং ইলেকট্রনিক টিকিটিং ব্যবস্থার কারণে শুরুতে একে একটি সম্পূর্ণ নিরাপদ গণপরিবহন হিসেবে গণ্য করা হলেও, সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনা এই নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্টেশনে বোমা আতঙ্ক, পরিত্যক্ত বস্তু উদ্ধার, ভূমিকম্পের পর কাঠামোগত ফাটল এবং দৈনন্দিন প্রবেশপথে তল্লাশির শিথিলতা যাত্রী মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। ফলে 'মেট্রো স্টেশন ঠিক কতটুকু নিরাপদ' তা কেবল এর আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করছে না, বরং নিয়মিত তদারকি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং সচেতন যাত্রী আচরণের একটি সমন্বিত পর্যবেক্ষণের দাবি রাখে।
মেট্রো স্টেশন ঠিক কতটুকু নিরাপদ—এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে অবকাঠামো, প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যাত্রী আচরণ সবকিছু মিলিয়ে একটি সামগ্রিক চিত্র। ঢাকার মেট্রোকে পরিকল্পনা ও প্রযুক্তির দিক থেকে আধুনিক ও নিরাপদ গণপরিবহন হিসেবে বর্ণনা করা হলেও, সাম্প্রতিক কিছু ঘটনা দেখায় যে নিরাপত্তা একটি গতিশীল প্রক্রিয়া, যেখানে সজাগ ও জবাবদিহি কমে গেলেই ঝুঁকি বাড়ে।
নিরাপত্তার প্রশ্নে সাম্প্রতিক বোমা আতঙ্কের ঘটনাগুলো ঢাকাবাসীকে স্বাভাবিকভাবেই চিন্তিত করেছে। ফার্মগেট, মিরপুর-১০ এবং মতিঝিলের মেট্রো স্টেশন ঘিরে সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনার পর পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট তল্লাশি চালিয়ে দেখেছে, অধিকাংশ ক্ষেত্রেই এসব বস্তুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক সামগ্রী ছিল না। তবুও ঘটনাগুলো দেখিয়েছে, একটি জনবহুল ও প্রতীকী অবকাঠামো হিসেবে মেট্রো স্টেশন নাশকতার সম্ভাব্য টার্গেট হতে পারে, যা নিরাপত্তায় বাড়তি সতর্কতা দাবি করে।
এই ধরনের ঘটনার পর দ্রুত তল্লাশি, মিডিয়া ব্রিফিং এবং ‘আতঙ্কিত না হওয়ার’ আহ্বান জনসচেতনতা ও আস্থার জন্য গুরুত্বপূর্ণ হলেও, সাধারণ যাত্রীর মনে প্রশ্ন থাকে—এমন বস্তু কীভাবে সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে?
তল্লাশি অভিযানের পর পুলিশ বারবার নগরবাসীকে আশ্বস্ত করেছে যে তারা সব সময় নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর অর্থ হচ্ছে বাহিনীগুলো নিরাপত্তাকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখছে এবং ঘটনার পর পুনর্মূল্যায়ন করছে। প্রশ্ন হলো এই ধরনের সন্দেহজনক বস্তু মেট্রো স্টেশনের ভেতর পর্যন্ত পৌঁছায় কীভাবে ও কেন? যার যা ইচ্ছে তা নিয়ে তো উপরে উঠার বা ঢোকার কথা না!
মেট্রো রেল নিজেই একটি দূরনিয়ন্ত্রিত, দ্রুতগামী, বিদ্যুৎচালিত এবং অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা; এর নকশায় নিরাপত্তা একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে অন্তর্ভুক্ত থাকে। উড়াল বা পাতাল যে ধরনের অবকাঠামোই হোক, মেট্রো স্টেশন নির্মাণে নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়, যেমন স্ট্রাকচারাল শক্তি, জরুরি নির্গমন পথ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এবং প্রবেশ–বাহিরের নিয়ন্ত্রিত গেইট।
স্টেশনগুলোর দূরত্ব সাধারণত ১ কিলোমিটারের মধ্যে রাখার ফলে যাত্রীদের হেঁটে আসা–যাওয়ার সুযোগ তৈরি হয়, যা যানজটপূর্ণ পরিবহনের ওপর নির্ভরতা কমায় এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে। একই সঙ্গে ইলেকট্রনিক টিকিটিং, গেইট কন্ট্রোল ও ক্যামেরা মনিটরিংয়ের ফলে অপরাধ বা ভাঙচুরের কার্যক্রম সহজে শনাক্ত করা সম্ভব হয়, যা নিরাপত্তার অনুভূতিকে আরও দৃঢ় করে।
নিরাপত্তার বাস্তব অবস্থা বোঝার জন্য মাঠপর্যায়ের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। সরেজমিনে কিছু স্টেশনে দেখা গেছে যে, বড় ব্যাগ, ট্রলি বা বস্তা নিয়ে অনেক যাত্রী প্রায় বিনা তল্লাশিতে স্টেশনে প্রবেশ করছেন, অথবা তল্লাশি ব্যবস্থায় ঢিলেঢালা মনোভাব রয়েছে। এ ধরনের শৈথিল্য নিরাপত্তার সংস্কৃতিকে দুর্বল করে এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে নীতিগত পর্যায় থেকে বাস্তবায়নের পর্যায়ে নামিয়ে আনে।
স্টেশনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন অনুমতি ছাড়া ভিডিও বা কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা, যা একদিকে নিরাপত্তার স্বার্থে, অন্যদিকে তথ্যের ভুল ব্যবহার ঠেকাতে নেওয়া পদক্ষেপ। তবে নিরাপত্তা নির্দেশনা শুধুই নিষেধাজ্ঞা আরোপের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা যাত্রী–বান্ধব সংস্কৃতি গড়ে তুলতে পারে না। বরং ব্যাখ্যা, সচেতনতামূলক প্রচার এবং যাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
ঢাকা একটি ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ নগরী, ফলে মেট্রো স্টেশনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাম্প্রতিক ভূমিকম্পের পর কিছু স্টেশনে ফাটল দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে, যা অবকাঠামোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তোলে। প্রকৌশল মানদণ্ড অনুযায়ী, ফাটল দেখা যাওয়া মানেই যে পুরো কাঠামো অনিরাপদ হয়ে গেছে, তা নয়। অনেক ক্ষেত্রে তা পৃষ্ঠতলের, এবং মেরামত ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়। তবে জনআস্থার দৃষ্টিকোণ থেকে স্বচ্ছ তথ্য প্রকাশ, স্বাধীন টেকনিক্যাল মূল্যায়ন এবং সময়মতো মেরামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি যাত্রীদের কাছে পরিষ্কারভাবে জানানো হয় কোন স্টেশনে কী ধরনের ক্ষতি হয়েছে, কীভাবে তা মেরামত হচ্ছে এবং কোন স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে, তাহলে তারা ঝুঁকি সম্পর্কে বাস্তবসম্মত ধারণা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
মেট্রো স্টেশনকে নিরাপদ রাখতে পরিচালনাকারী সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও জবাবদিহি কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিজস্ব ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখার কথা বললেও, নিরাপত্তা সম্পর্কিত তাৎক্ষণিক আপডেট, জরুরি তথ্য এবং যাত্রী নির্দেশিকা আরও সহজ ও দৃশ্যমানভাবে উপস্থাপন করলে আস্থা বাড়তে পারে।
নীতি পর্যায়ে মেট্রোকে ‘নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব’ গণপরিবহন হিসেবে উল্লেখ করা নিরাপত্তা প্রতিশ্রুতির একটি রাজনৈতিক ও প্রশাসনিক ঘোষণা। কিন্তু ঘোষণার পাশাপাশি ফিল্ড–লেভেলের প্রশিক্ষণ, রেসপন্স টাইম, নিরাপত্তা মহড়া, এবং নিয়মিত ঝুঁকি মূল্যায়নের মতো প্রক্রিয়াগুলোকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
নগর নিরাপত্তা শুধু মেট্রো স্টেশনের গেইট পর্যন্ত সীমাবদ্ধ নয়; স্টেশনের নিচের অংশ, আশপাশের রাস্তা, সংযোগকারী ফুটপাত, বাসস্ট্যান্ড ইত্যাদি সমগ্র এলাকাকে একটি ‘সিকিউরিটি জোন’ হিসেবে দেখে পরিকল্পনা করলে ঝুঁকি কমে।
নিরাপত্তা কেবল অবকাঠামো বা বাহিনী-নির্ভর নয়; যাত্রীদের আচরণও এখানে গুরুত্বপূর্ণ। সন্দেহজনক বস্তু দেখলে কর্তৃপক্ষকে জানানো, নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলা, তল্লাশির সময় সহযোগিতা করা এবং ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করা, এসব ছোট ছোট অভ্যাস নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ‘বোমা আতঙ্ক’ বা গুজব ছড়িয়ে না দিয়ে তথ্য যাচাই করে সচেতন প্রতিক্রিয়া দেওয়া জরুরি।
যাত্রীদের জন্য নিরাপত্তা শিক্ষা বা সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইন, অডিও ঘোষণা, ভিজ্যুয়াল ইনফোগ্রাফিক, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত নিরাপত্তা বার্তা—এসব মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা যায়। যাত্রীরা যদি নিজেদেরও নিরাপত্তা অংশীদার মনে করেন, তাহলে স্টেশনগুলোতে সন্দেহজনক আচরণ বা ঝুঁকির ইঙ্গিত দ্রুত ধরা পড়বে।
নকশা, প্রযুক্তি ও নীতি পর্যায়ে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে নিরাপদ গণপরিবহন হিসেবে পরিকল্পনা করা হয়েছে এবং বাস্তবেও তা সড়কভিত্তিক অনেক অনিরাপদ যাতায়াতের তুলনায় অপেক্ষাকৃত নিরাপদ। তবে সাম্প্রতিক বোমা আতঙ্ক, পরিত্যক্ত বস্তু, ভূমিকম্পজনিত ফাটল এবং তল্লাশিতে ঢিলেমির মতো ঘটনা দেখায় যে এই নিরাপত্তা একটি স্থির অবস্থা নয়; বরং তা নির্ভর করছে প্রতিদিনের ব্যবস্থাপনা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণের ওপর।
নীতিগতভাবে নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজন কঠোর ও ধারাবাহিক তল্লাশি ব্যবস্থা, নিরাপত্তা কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ, দ্রুত প্রতিক্রিয়াশীল জরুরি টিম, স্বাধীন কাঠামোগত মূল্যায়ন, তথ্যের স্বচ্ছতা এবং যাত্রীদের জন্য সহজবোধ্য নির্দেশনা। আর ব্যক্তিগত পর্যায়ে আমাদের করণীয় সচেতন থাকা, নিয়ম মানা, গুজব না ছড়ানো এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করা।
অর্থাৎ, মেট্রো স্টেশন আজ যতটুকু নিরাপদ, কাল তা আরও নিরাপদ হতে পারে যদি নীতি, প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং নাগরিক আচরণ একসঙ্গে কাজ করে। আর তা দুর্বলও হয়ে পড়তে পারে যদি ঢিলেঢালা তল্লাশি, গোপন তথ্য, অপরিকল্পিত রক্ষণাবেক্ষণ এবং উদাসীন নাগরিক সংস্কৃতি জায়গা করে নেয়। তাই নিরাপত্তা প্রশ্নে আমাদের ভাবনা হওয়া উচিত ‘কতটুকু নিরাপদ’ থেকে ‘কীভাবে আরও নিরাপদ করা যায়’ এই ধারাবাহিক যাত্রা।

.png)

বাংলাদেশের কূটনীতিতে কিছু বিবৃতি ইতিহাসের অংশ হয়ে যায়। কারণ সেগুলো কেবল একটি ঘটনার প্রতিক্রিয়া নয়; রাষ্ট্রের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ নীতির ঘোষণা। গত ৫ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিটি সেই ধরনের একটি দলিল। এটি দৈনন্দিন প্রেস রিলিজ নয়।
৪০ মিনিট আগে
বাংলাদেশের পররাষ্ট্রনীতি অভূতপূর্ব ও জটিল সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের দ্বিমুখী অবস্থান এক প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
২ ঘণ্টা আগে
শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা যে খারাপ এবং তাদের চেয়ে নিকৃষ্ট শাসক যে কমই হয়, সেটা নতুন করে বর্ণনার কিছু নেই। নিকৃষ্ট ছিলেন বলেই তাদেরকে ক্ষমতা থেকে নামাতে অকাতরে জীবন দিতে হয়েছে ছাত্র-জনতাকে। জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ যেন আত্মাহুতির উৎসবে মেতেছিল।
১৯ ঘণ্টা আগে
২২ জুলাই ২০২৪। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অত্যন্ত উত্তপ্ত। প্রতিদিনই আহত ও নিহতের সংবাদ সবাইকে গভীরভাবে ব্যথিত করছিল। সেদিন আমি জানতাম না পরবর্তী দুই সপ্তাহে কী ঘটতে যাচ্ছে। আমি জানতাম না রাজনৈতিক পরিস্থিতির পরিণতি কী হবে।
২০ ঘণ্টা আগে