ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জামায়াতের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: সংগৃহীত

ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কথাও বলেছে দলটি। শুক্রবার (৭ আগস্ট) দলের পক্ষে এক বিবৃতিতে এই দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালন করলেও বর্তমান সরকার হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলে পালিয়ে থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন তিনি।

এক্ষেত্রে কূটনৈতিক শিথিলতা দেখালে জনগণের কাঠগড়ায় সরকারকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়।

পালিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাকে গত ৫ আগস্ট এক অনুষ্ঠানে বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে দেশটি শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছে জানিয়ে এর নিন্দাও জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনার মতো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেওয়া এবং তা বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বান ভারত সরকার আমলে নেওয়া আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

এতে আরও বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার গত সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর চরম জুলুম-নির্যাতন, হত্যা, খুন ও গুম চালিয়েছে। সবশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে। তাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত মূলত বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। এর মাধ্যমে ভারত দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করছে। তারা প্রত্যাশা করেন, ভারত তার অবস্থান সংশোধন করবে এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত