তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম
স্ট্রিম প্রতিবেদকঢাকা

মানবাধিকার লঙ্ঘন, গুম প্রতিরোধ, সাইবার আইনের সংশোধনীকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বিএনপির নেতৃত্বাধীন সরকারের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন।
তবে তারেক রহমান শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না বলেও মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, জনগণ রাজপথে নেমে তার কথিত ‘স্বৈরাচারী প্রবণতা’ প্রতিহত করবে।
ভিন্নমতের নাগরিকদের দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম মিরাজ শেখের সন্ধান দাবি করেন। তিনি বলেন, পাঁচ মাস ধরে মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে গাজী সালাউদ্দিন তানভীর ও গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, মতপ্রকাশ বা ব্যঙ্গাত্মক মিম তৈরিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা যায় না।
গুমবিরোধী আইনের কথিত কিছু বিধানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির আওতায় আনার বিধান থাকলে মানুষ গুমের অভিযোগ করতে নিরুৎসাহিত হতে পারে। তিনি আইনটি সংশোধন করে মানবাধিকার কমিশনের মাধ্যমে গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান।
সাইবার সুরক্ষা আইনের সংশোধনের ক্ষেত্রেও মতপ্রকাশের স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দুদক পুনর্গঠন না করে সরকার এনসিপি ও বিরোধী দলকে লক্ষ্যবস্তু করছে। একই সঙ্গে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান তিনি।
সরকার জাতীয় সংসদকে ‘কলুষিত’ করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতির পরিবর্তে এমন আইন ও প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মানবাধিকার হরণ করা সম্ভব।
মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।






