হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা, নাগরিকের দেশে ফেরার অধিকার আছে
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া

একজন নাগরিকের যেকোনো সময় দেশে আসার বা দেশ ছাড়ার সাংবিধানিক অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এই কথা বলেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে, আবার দেশে ঢুকতেও পারে। এটি সংবিধানে পরিষ্কার বলা আছে। দেশে আসার পর সরকার তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে, সেটা তাদের ওপর নির্ভর করে।’
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন রুমিন ফারহানা। এর প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এবং বক্তব্য প্রত্যাহার না করলে এলাকায় অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেয়।
এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে, মিছিল-মিটিং হবে—সেটাই তো রাজনীতি। এগুলো স্বাভাবিক বিষয়।’






