সংবিধান সংশোধন নয়, সংস্কার পরিষদ গঠনের দাবি হাসনাত কাইয়ূমের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সমাবেশে কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সংগৃহীত ছবি
সমাবেশে কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সংগৃহীত ছবি

গতানুগতিক সংশোধনে জনআকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি।

হাসনাত কাইয়ূম বলেন, বিগত দিনে ১৭ বার সংবিধানে সাধারণ সংশোধনী আনা হলেও তা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যায়নি। ছাত্র-জনতার অভ্যুত্থান এবং গণভোটে তৈরি হওয়া নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, সংসদের ছয় মাস পেরিয়ে গেলেও সরকার কার্যকর সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনের পুরোনো পথেই এগোচ্ছে। একইসঙ্গে র‍্যাবকে নতুন নামে সুসজ্জিত করা, গুমের পক্ষে আইন প্রণয়ন এবং জননিরাপত্তার অবনতির অভিযোগও করেন তিনি।

সরকারের এসব কাজের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান হাসনাত কাইয়ূম।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, কেবল কমিশন গঠন করে ওপরের কাঠামোয় পরিবর্তন আনলে রাষ্ট্রের সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

জনগণের প্রত্যাশিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ অভিযোগ করেন, সরকার ও বিরোধী জোটের কেউই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে আগ্রহী নয়। গণরায় বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কূটনীতিক সাকিব আলী, শহীদ মিরাজের পিতা আব্দুর রব এবং জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত