
‘জেমিনি’ গত মে মাসে তিনটি কোম্পানির নিরাপত্তা বলয় ভেঙেছিল বা হ্যাক করেছিল বলে জানিয়েছে গুগল। এই তথ্য প্রকাশের মাধ্যমে তাদের এআই মডেলও যে নিজে থেকেই হ্যাকিংয়ের মতো গুরুতর কাজ করে বসতে পারে, তা প্রথমবারের মতো স্বীকার করল প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ইরেগুলার’ এআই নিরাপত্তা নিয়ে একটি পরীক্ষামূলক মূল্যায়নের সময় জেমিনির মাধ্যমে এই হ্যাকিংয়ের ঘটনাগুলো ঘটে।
সাম্প্রতিক সময়ে ওপেনএআই এবং অ্যানথ্রোপিক এআইয়ের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠান হ্যাকিংয়ের ঘটনাতেও ইসরায়েলভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইরেগুলারের নাম এসেছে। মূলত এই প্রতিষ্ঠানটি এআই সিস্টেমের নিরাপত্তা যাচাইয়ের কাজ করে।
সম্প্রতি ওপেনএআই আরেক এআই সফটওয়্যার কোম্পানি 'হাগিং ফেস'-এর নিরাপত্তা বলয় ভাঙার পর সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এসব ঘটনার কয়েকটিতে এআই মডেলগুলো প্রায় একই কায়দায়, একইভাবে অন্য প্রতিষ্ঠান হ্যাক করেছিল।
‘ইরেগুলার’ কিছু ভুয়া কোম্পানির তথ্য নিয়ে ল্যাবে সীমাবদ্ধ পরিবেশের মধ্যে মডেলগুলোর পরীক্ষা চালাচ্ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সেই পরীক্ষার সময় ল্যাবে ইন্টারনেট সংযোগ থাকার কথা ছিল না। কিন্তু ‘ভুলবশত’ তাতে ইন্টারনেট চলে আসে। আর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়া মাত্রই মডেলগুলো অপ্রত্যাশিতভাবে বাস্তব কিছু প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে হ্যাক করে ফেলে।
জুলাইয়ের শেষের দিকে ওপেনএআই এর মাধ্যমে হাগিং ফেস হ্যাকের ঘটনা প্রকাশিত হওয়ার পর ‘ইরেগুলার’ গুগলের কাছে জেমিনিও একই রকম হ্যাকিং ঘটিয়েছিল বলে জানায়।
গুগল দ্য গার্ডিয়ানকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানায়, মডেলগুলো সেসব প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না করায় বিষয়টি জনসমক্ষে আনা প্রয়োজনীয় মনে করেনি তারা।
মূলত ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই নিরাপত্তা লঙ্ঘনের খবরটি প্রকাশ করে বিশ্ববাসীকে জানায়।
গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স এক বিবৃতিতে বলেন, ‘একটি সাধারণ মূল্যায়নের সময় মডেলটি ইন্টারনেটে থাকা উন্মুক্ত তথ্য খুঁজে পায় এবং যে ওয়েবসাইটগুলোকে পরীক্ষার অংশ ভেবেছিল, সেগুলোতে প্রবেশের ইউজারনেম ও পাসওয়ার্ড অনুমান করে ফেলে। তবে এই তিনটি ঘটনার প্রতিটিতেই মডেলটি একপর্যায়ে নিজে থেকেই থেমে যায়।’
অ্যানথ্রোপিক এবং ওপেনএআই এই হ্যাকিংয়ের ঘটনাগুলো স্বেচ্ছায় জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেও গুগল তা করেনি।
তবে গুগল জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত তিনটি প্রতিষ্ঠানকে তারা বিষয়টি জানিয়েছিল। গুগলের মুখপাত্র বলেন, ‘এ ঘটনাগুলো শক্তিশালী এআই মডেলগুলোকে আরও দায়িত্বশীল আচরণ করতে প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব সামনে তুলে ধরে।’
এদিকে অ্যানথ্রোপিক, ওপেনএআই এবং জেমিনির মতো এআই মডেলগুলোর হ্যাকিংয়ের তথ্য প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এআই কোম্পানিগুলোকে তাদের প্রযুক্তির উন্নয়ন সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এটি স্পষ্ট যে কোম্পানিগুলো আর তাদের মডেলগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
.png)






