সর্বোচ্চ ভোটে পরিচালক, পরে বিনাভোটে সভাপতি তামিম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার অধিকাংশ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচনের যা একটু আনুষ্ঠানিকতা, খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতেই।

রোববার (৭ জুন) ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ কাউন্সিলর। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন।

নির্বাচনে ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি বা ক্যাটাগরি-২ তে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের হয়ে কাউন্সিলর পদে অংশ নেন তামিম ইকবাল। কাস্ট ৭৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩টি পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন এই নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। এই ক্যাটাগরিতে হেরে গেছেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

পরে বিনাভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। তিনি বিসিবির ২১তম সভাপতি।একইসঙ্গে বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

অবশ্য বিনা ভোটে তামিম প্রথম সভাপতি হলেন না। এর আগে আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান পাপন এবং সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল একইভাবে বিসিবি সভাপতি হয়েছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে চার বছর মেয়াদি পরিচালনা পর্ষদের ভোট হয়। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ২৩ জন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজনসহ মোট ২৫ পরিচালকের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগেই চার বিভাগ থেকে ৭ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা)

এই ক্যাটাগরিতে মোট ১০ পরিচালক পদের বিপরীতে ৭ প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন– ঢাকা বিভাগের সাইদ বিন জামান, জামালপুর জেলার এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম জেলার মিনহাজুল আবেদীন নান্নু, লক্ষ্মীপুর জেলার মঈন উদ্দিন চৌধুরী, বগুড়া জেলার মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলার মির্জা ফয়সল আমীন।

আনুষ্ঠানিকভাবে বিজয়ী ২৩, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজনসহ মোট ২৫ পরিচালকের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির। ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে বিজয়ী ২৩, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজনসহ মোট ২৫ পরিচালকের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির। ছবি: সংগৃহীত

বাকি তিন পদে রোববার সরাসরি ভোট হয়। এর মধ্যে খুলনা বিভাগে মোট ১১টি ভোট কাস্ট হয়। সেখানে খুলনার শফিকুল আলম এবং যশোরের শান্তনু ইসলাম উভয়ে ১০টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগে মোট ৬টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৫টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মিজানুর রহমান।

ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি)

১২টি পরিচালক পদের বিপরীতে এই ক্যাটাগরিতে ৭৪টি ভোট কাস্ট হয়। বিজয়ীদের মধ্যে তামিম ইকবাল পান সর্বোচ্চ ৭৩ ভোট। ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ এবং এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু উভয়ে পেয়েছেন ৭২টি করে ভোট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট।

এছাড়া ধানমন্ডি স্পোর্টস ক্লাব বা বসুন্ধরা রাইডার্সের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮, আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা ৬৬, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম নাতিন ৬৬, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ সালাম ৬৫ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী পেয়েছেন ৬৪ ভোট।

আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস ও ইন্দিরা রোডের রফিকুল ইসলাম বাবু উভয়ে ৬৩টি করে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ক্যাটাগরিতে ৪১ ভোট পেয়ে পরিচালক হয়েছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

ক্যাটাগরি-৩ (অন্যান্য প্রতিনিধি)

এই ক্যাটাগরিতে পরিচালক পদ ছিল একটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক কোটায় সরাসরি পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মো. রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।

সম্পর্কিত