ফিক্সিংয়ের অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে চট্টগ্রাম রয়্যালস এবং দুর্বার রাজশাহীর সাবেক দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

অভিযুক্তরা হলেন বিপিএলের দ্বাদশ আসরের চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং একাদশ আসরের দুর্বার রাজশাহী ও দ্বাদশ আসরের চট্টগ্রাম রয়্যালসের অপারেশনস ম্যানেজার মো. আমিন খান। আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আবদুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার চুক্তি ও চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি প্রস্তাব পেয়েও সেটি দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে না জানানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া তদন্তে তাঁর ব্যবহৃত মূল মোবাইল ফোন জমা না দিয়ে অসহযোগিতা করা এবং তা আটকে রেখে আকসুর কাজ বিলম্বিত করার অভিযোগও রয়েছে।

অন্যদিকে মো. আমিন খানের বিরুদ্ধে অনৈতিকভাবে ম্যাচ প্রভাবিত করার চেষ্টা করার পাশাপাশি অন্য কাউকে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আকসুর তদন্তে সহযোগিতা না করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নোটিশ পাওয়ার পর আত্মপক্ষ সমর্থনের জন্য এই দুই অভিযুক্ত ১৪ দিন সময় পাবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিসিবির আওতাধীন সকল কাজ থেকে তাঁরা সাময়িক নিষিদ্ধ থাকবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত