বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান গভর্নরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক। সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গভর্নর এসব আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গভর্নর বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বাণিজ্য ভারসাম্য উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানো প্রয়োজন।

তিনি দেশে বাংলা কিউআর বাস্তবায়নে চীনের সিঙ্গেল কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তাও কামনা করেন।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিদেশি বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত মূলধন ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত