৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বাস্তবায়ন দাবি বিডার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংগৃহীত ছবি

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছেরে গড়ে তোলা ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এরইমধ্যে বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে বলে এক ধারণা পত্রে জানিয়েছে বিডা।

বৃহস্পতিবার প্রকাশিত এক ধারণাপত্রে বিডা জানায়, ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ পাইপলাইন গড়ে তোলা হয়। এর মধ্যে ১৫ শতাংশের বেশি প্রকল্প ইতোমধ্যে ‘ডিসিশন ও এক্সিকিউশন’ বা সিদ্ধান্ত ও বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

সংস্থাটির ভাষ্য, এই কনভার্সন রেট বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও এগিয়ে। বিডার দাবি, কাঠামোবদ্ধ লিড জেনারেশন, বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং দ্রুত সেবা দেওয়ার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে।

পাইপলাইনের সবচেয়ে বড় সফল বিনিয়োগগুলোর মধ্যে রয়েছে হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের (৩ হাজার ৫০০ কোটি টাকা) প্রকল্প। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা থাকলেও বিডা, বেজা ও বেপজার সমন্বিত সহায়তায় প্রতিষ্ঠানটি বিনিয়োগ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রথম ধাপে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানা এবং দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে সমন্বিত টেক্সটাইল ও অ্যাপারেল কমপ্লেক্স গড়ে তোলা হবে।

চীনের শানডং হেনগলি টেক্সটাইল টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি কো. লিমিটেডও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো উন্নত টেক্সটাইল উৎপাদন প্রযুক্তি ও আধুনিক স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা চালু হবে। এতে উচ্চমূল্যের টেক্সটাইল উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে এবং দেশীয় টেক্সটাইল ভ্যালু চেইন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে বিডা।

আর্থিক খাতেও একটি উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আসছে। শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করছে। বিডার সহায়তায় হওয়া এই চুক্তির মাধ্যমে উন্নত ফিনটেক ও ইনশিওরটেক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডাররাইটিং এবং দ্রুত বীমা দাবি নিষ্পত্তির মতো সেবা দেশে চালুর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া চীনের চায়না লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি উৎপাদন কারখানা স্থাপন করছে। সেখানে পিভিসি ও পিইএক্স পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি সামগ্রী, কেবল, লাইটিংসহ বিভিন্ন নির্মাণ উপকরণ উৎপাদন করা হবে। বিডার মতে, এতে দেশীয় নির্মাণ খাতে আমদানিনির্ভরতা কমবে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতও উপকৃত হবে।

মালয়েশিয়ার খুচরা বিক্রেতা এমআর.ডিআইওয়াইও বাংলাদেশে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ করছে। বিডার সহায়তায় প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১৭টির বেশি মেগা স্টোর পরিচালনা করছে।

অন্যদিকে, আন্তর্জাতিক এয়ারলাইন্সের অন-বোর্ড-সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগারিচ বাংলাদেশে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিডার মতে, এই প্রকল্প দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বিডা জানিয়েছে, গত ১২ থেকে ১৫ মাসে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছানো বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

সংস্থাটি ২০২৬-২৭ অর্থবছরেও নতুন করে আরও ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য দেশ ও খাতভিত্তিক বিশেষায়িত টিমের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত