রাবি শিক্ষার্থীদের অবরোধ: ৩৫ লাখ টাকার ক্ষতি দাবি রেলের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাবি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২৩: ৩৬
বুধবার (২২ জুলাই) রেললাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: স্ট্রিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধের কারণে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২১ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। এতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। পাশাপাশি দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী এ ঘটনায় ভোগান্তিতে পড়েন। তাদের মধ্যে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী–শিশু এবং বিদেশগামী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

অবরোধের কারণে সংস্থাটির আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগের জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ ওঠে টিটিইর বিরুদ্ধে। পরে তার শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Ad 300x250

সম্পর্কিত