‘নারী থাকার সন্দেহে’ রাবির হলে তল্লাশি
স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ‘নারী থাকার অভিযোগ’ তুলে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এই তল্লাশি চালানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে কয়েক শিক্ষার্থী এই তল্লাশি চালান। এ নিয়ে শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হলের সাধারণ শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা হলে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার বর্ণনা দিয়ে ওই কক্ষের শিক্ষার্থী আলিম মৃধা বলেন, ‘নক করার পর দরজা খুলতেই তারা বলেন– রুমে মেয়ে আছে। পরে পুরো রুম তল্লাশি করে কিছু না পেয়ে চলে যান।’ একই কক্ষের আরেক শিক্ষার্থী সন্দীপ কুমার শীল বলেন, ‘কক্ষে ঢুকে তারা ভিডিও করতে থাকেন। বারবার বলছিলেন– রুমে মেয়ে আছে এবং তারা তল্লাশি চালাবেন। তল্লাশি করে কিছু না পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।’
অভিযোগের বিষয়ে ইসরাফিল হোসাইন বলেন, ‘একটি সূত্র থেকে হলে মেয়ে আনার তথ্য পাই। পরে ভিপি ও জিএসের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে সেখানে যাই। তল্লাশি চালিয়ে এমন কোনো কিছু পাওয়া যায়নি।’
জিয়া হল সংসদের ভিপি ও হল শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘ফজরের আগে একজন হলে মেয়ে নিয়ে আসার তথ্য দেন। বিষয়টি যাতে বড় আকার না নেয়, সেজন্য গোপনে সমাধানের চেষ্টা করা হয়। গভীর রাত হওয়ায় হল প্রশাসনকে জানানো হয়নি।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, ‘তল্লাশির বিষয় আমার জানা ছিল না। হলে কোনো তল্লাশি হলে, তা প্রশাসনের মাধ্যমেই হওয়া উচিত। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
.png)






