এশিয়ান গেমসে পদকের স্বপ্ন না দেখে বাস্তবতার কথা বললেন বাটলার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২৩: ৪৬
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। সংগৃহীত ছবি

পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।

সোমবার (৩১ আগস্ট) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কঠিন গ্রুপে পড়ে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বাটলার বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

কথাটি হতাশাজনক শোনালেও এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগকে বাংলাদেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন বাটলার। চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। এমন দলের বিপক্ষে খেলার সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

গ্রুপ পর্বে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে হারলেও সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখছেন বাটলার। তার মতে, শীর্ষ পর্যায়ের ফুটবলের গতি, কৌশল ও শারীরিক সক্ষমতার সঙ্গে মানিয়ে নিতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলাই দলকে আরও ভালোভাবে তৈরি করবে।

এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে বলে মনে করেন বাটলার।

জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে নারী ফুটবলের খেলা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এর আগে প্রস্তুতির শেষ ধাপে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

এরপর জাপানে গিয়ে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

দলে নতুন মুখ ও ফেরারা

এশিয়ান গেমসের দলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ না পাওয়া অর্পিতা বিশ্বাসও আছেন। গত মে মাসে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। দলে ফিরেছেন দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুনও।

অন্যদিকে সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ এবার এশিয়ান গেমসের দলে নেই।

২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল

গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী ও মিলি আক্তার।

রক্ষণভাগ: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।

মিডফিল্ড: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও মুনকি আক্তার।

আক্রমণভাগ: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুবার হারের পরও বাটলারের ওপর এখনই আস্থা হারাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান গেমসের দলের সঙ্গে রাখার বিষয়েও বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে করা তদন্ত কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তাই আপাতত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত