প্রবাসীর স্বর্ণ ছিনতাই: ছাত্রদল-বিএনপির দুই নেতা কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ০৩
অভিযুৃক্ত ছাত্রদল-বিএনপির দুই নেতা । সংগৃহীত ছবি
অভিযুৃক্ত ছাত্রদল-বিএনপির দুই নেতা । সংগৃহীত ছবি

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন একদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, মালয়েশিয়াপ্রবাসী কাউসার বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণের গয়না পাঠান। ওই দিন রাত ৮টার দিকে সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে নিয়ে বিমানবন্দর থেকে স্বর্ণের গয়নাগুলো সংগ্রহ করেন। তারা দুজনে ১০০ গ্রাম করে স্বর্ণ নিজেদের কাছে রেখেছিলেন। স্বর্ণালংকার সংগ্রহের পর তারা বিমানবন্দর এলাকা থেকে একটি ভাড়া করা গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করেন। এ সময় আসামিরা নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখান। পরে তারা সুমন ও রোহানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আসামিরা তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণের গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরদিন ২৯ আগস্ট এ ঘটনায় ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত