সক্রিয় মৌসুমি বায়ুতে বৃষ্টি ঝরবে কয়েক দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৩: ০২
বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার-পাঁচ দিন এই ধারা চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, ভারতের ওড়িশা ও এর আশপাশের এলাকায় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ওড়িশা, ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকার গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। তবে মৌসুমি বায়ু (বৃষ্টির অন্যতম কারণ) বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবেই দেশে বৃষ্টি হচ্ছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে আজ সারা দেশে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা খুব একটা বদলাবে না।

ঢাকার আবহাওয়া

ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আলাদা পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা বা মেঘাচ্ছন্ন থাকতে পারে। যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঢাকার দিনের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সবচেয়ে বেশি বৃষ্টি টেকনাফে

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে—৮৯ মিলিমিটার। এ ছাড়া সন্দ্বীপে ৮১ মিলিমিটার, কক্সবাজার সদরে ৬৯ এবং হাতিয়ায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এই সময়ে বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার।

গতকাল দেশের সবচেয়ে বেশি গরম ছিল সিলেটে, সেখানে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সকালে দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মানিকগঞ্জের আরিচায়– ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Ad 300x250

সম্পর্কিত