রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনার মধ্যে শনিবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপির লোগো।

রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনার মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (১ আগস্ট) ওই বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গুলশানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন শীর্ষ নেতারা। এরই মধ্যে স্থায়ী কমিটির সদস্যদের জানানো হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিয়োগ করা ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন।

পরের দিন বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে হবে।

সরকার দল থেকে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে– সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে বিএনপি সভা করবে। স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনো। বৈঠকের পরই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’

সংবিধান অনুযায়ী, বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। এ নিয়ে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের দিন ধরে ইসিতে প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণা হতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহে।

এমনকি সংসদে বিশেষ অধিবেশন ডাকার আলাপও উঠেছে। তবে স্পিকারের দপ্তর থেকে ফেরার পর মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিমের সঙ্গে আলাপে বলেন, ‘সংসদের অধিবেশন না থাকলে তাদের বলা হবে– আমরা তো ঘোষণা দিয়েছি ২৫ তারিখে (আগস্ট) ভোট, আপনারা ভোট দেবেন। এতটা থেকে এতটার মধ্যে, অমুক জায়গায়। যাঁরা ভোটার, তাঁরা ভোট দিতে যাবেন। অধিবেশন ডাকার কোনো প্রয়োজন নেই।’

Ad 300x250

সম্পর্কিত