মাঠে নেই, পুরোনো ভিডিও নিয়ে অনলাইনে সরব আ.লীগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনজুড়ে মাঠের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রচারণা ছিল বেশি। স্ট্রিম গ্রাফিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনজুড়ে মাঠের তুলনায় সামাজিক মাধ্যমেই প্রচারণা ছিল বেশি। তবে দিনশেষে দেখা গেছে, এসব প্রচারের বড় অংশ ছিল পুরোনো ও ভুয়া ভিডিও। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে এদিন রাজধানীসহ ছয় জেলায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, গত ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিরাপত্তা প্রস্তুতির মধ্যেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে মিছিল ও শোডাউনের নানা দাবি ছড়ানো হয়েছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, পুরোনো ভিডিও ও ভুয়া ভিডিওকে আজকের কার্যক্রম হিসেবে প্রচার করা হয়েছে। মাঠের উপস্থিতির তুলনায় এই সংগঠনের প্রচারণা অনলাইনেই বেশি ছিল।

নতুন ক্যাপশনে পুরোনো ভিডিও। স্ট্রিম গ্রাফিক
নতুন ক্যাপশনে পুরোনো ভিডিও। স্ট্রিম গ্রাফিক

নতুন ক্যাপশনে পুরোনো ভিডিও

২২ জুন রাত ২টা ৩ মিনিটে ‘মুজিবুর রহমান নিক্সন চৌধুরী’ আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনের শুরুতে ‘গভীর রাতে উত্তাল ফরিদপুর’ বাক্যটি ব্যবহার করা হয়। পরে সেখানে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার দাবিও করা হয়। আরও দাবি করা হয়, ফরিদপুর থানা রোডের আওয়ামী লীগ কার্যালয় অবমুক্ত করা হয়েছে।

ক্যাপশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কথাও সেখানে উল্লেখ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৪১ হাজার ৬০০ রিয়্যাকশন ও ১ হাজার ৩০০ মন্তব্য দেখা যায়। পোস্টটি প্রায় ২ হাজার ৯০০ শেয়ার হয়েছে। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ফরিদপুরের কোনো সাম্প্রতিক কর্মসূচির নয়।

ভিডিওটির ১৭ সেকেন্ডে ‘সুজান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং’ নামের দোকান দেখা যায়। গুগল ম্যাপ পর্যবেক্ষণে দোকানটির অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মেলে। এতে ভিডিওটির অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে শনাক্ত করা যায়।

অনুসন্ধানে, দ্য ডেইলি স্টারের ১৫ জুলাই ২০২৪ এর ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই ভিডিওতে জাহাঙ্গীরনগরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের কথা বলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কোটা সংস্কার আন্দোলনের সময়কার সংঘর্ষের অংশ ছিল। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক আওয়ামী লীগ কর্মসূচির কোনো দৃশ্য নয়, বরং পুরোনো।

আজ (২৩ জুন) বাংলাদেশ ছাত্রলীগ নামের পেজ থেকে আরেকটি ভিডিও পোস্ট হতে দেখা যায়। ক্যাপশনে সেটিকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল হিসেবে বলা হয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচির নয়। বরং একই ভিডিও ২০২৪ সালের ৬ আগস্ট পোস্ট করা হয়েছিল।

পুরানো ওই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে, শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’। মূলত পুরোনো মিছিলকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে নতুন করে প্রচার করা হয়েছে।

সেনাবাহিনী নিয়েও বিভ্রান্তিকর দাবি। স্ট্রিম গ্রাফিক
সেনাবাহিনী নিয়েও বিভ্রান্তিকর দাবি। স্ট্রিম গ্রাফিক

সেনাবাহিনী নিয়েও বিভ্রান্তিকর দাবি

শুধু মিছিলের ভিডিও নয়, নিরাপত্তা বাহিনী নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখবে না, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়।

২২ জুন “সেলিনা হায়াৎ আইভি” নামের একটি ফেসবুক পেজে ১৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে কর্মী-সমর্থকদের নির্ভয়ে প্রস্তুতি নিতে এবং মাঠে নামতে বলা হয়।

যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ওই কর্মসূচি সংক্রান্ত নয়। এটি ২০২৫ সালের একটি সেনা প্রেস ব্রিফিংয়ের অংশ। গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে ওই ব্রিফিং করা হয়েছিল।

ঢাকা প্রতিদিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সঙ্গে ছড়ানো ক্লিপটির মিল পাওয়া যায়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজীপুরের শ্রীপুরে এনামুল হক মোল্লাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ তোলে সেনাবাহিনী। এ নিয়ে ২০২৫ সালের ৭ নভেম্বর গাজীপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। (,)

অর্থাৎ, সেনা কর্মকর্তার বক্তব্যটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও। এর সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কোনো সম্পর্ক নেই।

পুরোনো অস্ত্রধারী মিছিলকে ঝিনাইদহের শোডাউন দাবি। স্ট্রিম গ্রাফিক
পুরোনো অস্ত্রধারী মিছিলকে ঝিনাইদহের শোডাউন দাবি। স্ট্রিম গ্রাফিক

পুরোনো অস্ত্রধারী মিছিলকে ঝিনাইদহের শোডাউন দাবি

ফেসবুকে একটি ভিডিওকে ঝিনাইদহে আওয়ামী লীগের শোডাউন বলা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ঝিনাইদহে টেঁ'টা-ব'ল্ল'ম নিয়ে আওয়ামী লীগের ন'জি'রবি'হীন শোডাউন: প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠ দখলের র'ণপ্রস্তুতি। ভিডিওতে গাছপালায় ঘেরা সড়কে কয়েকশ মানুষকে এগোতে দেখা যায়। তাদের অনেকের হাতে লাঠি, টেঁটা ও বল্লমজাতীয় বস্তু ছিল। ভিডিওর ওপর দৈনিক ভোরের পাতা নামের লোগো দেখা যায়।

ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ঝিনাইদহের নয়। এটি ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জে ধারণ করা পুরোনো একটি মিছিলের দৃশ্য।

এছাড়া, চলতি বছর আওয়ামী লীগের মিছিল বা কর্মসূচি দাবিতে ছড়ানো আরও কয়েকটি কনটেন্ট নিয়েও ফ্যাক্টচেক পাওয়া যায় (,,,,)। এসব ক্ষেত্রে পুরোনো বা ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক রাজনৈতিক উপস্থিতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মাঠের চিত্র: কোথাও ছোট মিছিল, কোথাও প্রস্তুতিতেই আটক

২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের মাঠের উপস্থিতি পুরোপুরি অনুপস্থিত ছিল না। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বড় জমায়েতের চেয়ে বিচ্ছিন্ন ও ছোট কর্মসূচির চিত্রই বেশি উঠে এসেছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কর্মী ছিলেন। মিছিল শেষে ফেরার পথে দুই আওয়ামী লীগ কর্মীকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে, রাজধানীতে মিছিল, সমাবেশ বা জমায়েতের পরিকল্পনার তথ্য ছিল বলে জানিয়েছে ডিএমপি। প্রথম আলো ও জাগো নিউজের প্রতিবেদনে ডিএমপি কমিশনারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এমন পরিকল্পনা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ডিএমপি কমিশনার আরও বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। (,)

ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, সাভারের আমিনবাজারে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় সমর্থককে আটক করেছে পুলিশ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত