৫০ পরীক্ষার্থীর সবাই জিপিএ ৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৯: ৫৩
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রংপুর ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি

রংপুর ক্যাডেট কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ শিক্ষার্থী। তাদের সবাই সর্বোচ্চ নম্বর জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এই অর্জন দেখা যায়। তারা সবাই বিজ্ঞান ও মানবিক বিভাগ পরীক্ষার্থী ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার কলেজটি থেকে বিজ্ঞান বিভাগে ৪৭ জন ও মানবিক বিভাগে ৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই সর্বোচ্চ গ্রেড অর্জনে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান। তিনি বলেন, ক্যাডেট কলেজের নিয়মতান্ত্রিক পরিবেশ ও গঠনমূলক অনুশাসন শিক্ষার্থীদের ভালো ফলাফলের অন্যতম কারণ। শিক্ষক ও কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকিও এতে ভূমিকা রাখে।

অধ্যক্ষ বলেন, ক্যাডেটদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, চরিত্র গঠন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। এতে তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, রংপুর ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে অধ্যক্ষের নেতৃত্ব ছাড়াও সেনাসদরের দিকনির্দেশনা, উপাধ্যক্ষের তত্ত্বাবধান, শিক্ষক-কর্মকর্তাদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা রয়েছে।

ভালো করেছে জেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলো

এদিকে রংপুরের অন্যান্য শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এবার এসএসসি পরীক্ষার ফল ভালো হয়েছে। রংপুর জিলা স্কুল থেকে ২২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন।

রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৬৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৪ জন। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন।

এছাড়া রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৫৭১ পরীক্ষার্থীর মধ্যে ৫৬৭ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৩০ শতাংশ।

কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার বলেন, পাঠ্যসূচি শেষ করার পর পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মডেল টেস্টসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতার পাশাপাশি পরীক্ষার আগে বাড়তি প্রস্তুতিও ভালো ফলাফলে ভূমিকা রেখেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত