রাতুল আল আহমেদ

যখন থেকে পড়তে শিখেছি, তখন থেকেই বই নিয়ে বিশেষ ছুৎমার্গের বালাই ছিল না আমার মধ্যে। ক্লাস সিক্সে পড়ি, সে সময়ে এক আত্মীয়ের বাড়ি গেলাম। বুকশেলফে রাখা বইগুলো উল্টেপাল্টে দেখছি, চোখ পড়ল কালবেলা নামে এক উপন্যাসের ওপর। হাতে নিতেই প্রায় ছোঁ মেরে আমার আত্মীয় বইটি তুলে নিলেন। ‘এসব বড়দের বই, পড়লে মানে বুঝবে না এসবের’। এভাবেই আমাদের অনেকের ‘বড়দের বই’য়ের সঙ্গে পরিচয়।
সন্দেহের অবকাশ নেই যে বারণ করার জন্যই হোক আর কৌতূহলী প্রবৃত্তি, আমি কিছুদিনের মধ্যেই ‘কালবেলা’ ম্যানেজ করে পড়ে ফেলেছিলাম। সে সময় অনেককিছুর পাশাপাশি এটাও বুঝেছিলাম, বই কিন্তু কেবল পড়ার জন্য না, বরং ঘরসজ্জারও অনুসঙ্গ।
সোশ্যাল মিডিয়ার যুগে এসে তা সম্ভবত আরও বেড়েছে। দেখবেন, কফিশপের টেবিলে রাখা বইটা এখন হয়তো পড়ার জন্য নয়, বরং সামান্য তেরছা করে রাখা—যাতে মলাটটা স্পষ্ট বোঝা যায়, লেখকের নামটা যেন আলোকচিত্রের কেন্দ্রে থাকে। বইটা যেন সেখানে মৌন হয়ে নেই, বরং মালিকের হয়ে এলান করছে— ‘দেখ, আমার কেমন রুচি।’
ঠিক এই বিন্দুতেই বইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আদিম সম্পর্কটা বদলে যায়। বই তখন আর নিছক অক্ষরের সমষ্টি থাকে না, হয়ে ওঠে একটা আয়না—যেখানে আমরা নিজেদের সেই আদলটাকে দেখতে চাই, যা হয়তো আমরা এখনো হয়ে উঠতে পারিনি।
এই বদলটা খুব হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে সময়ের এক ধীর, অথচ নিরবচ্ছিন্ন অদৃশ্য চাপ।
আমাদের চারপাশে এখন এমন এক বিনোদনের জগৎ, যেখানে অপেক্ষা করার কোনো ঘর নেই। ভিডিও বোতাম টিপলেই শুরু, আঙুলের ডগায় স্ক্রল করলেই নতুন দৃশ্য, একটু থামলেই অন্য কোনো উত্তেজনা। আমাদের মস্তিষ্ক চটজলদি পুরস্কার পেতে অভ্যস্ত হয়ে গেছে। সে শিখছে, আনন্দ মানেই তাৎক্ষণিক কিছু।
অথচ বই ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে। বইয়ের পাতা খুললে প্রথম কয়েক পৃষ্ঠা প্রায়ই কিছুই দেয় না—না কোনো চটকদার উত্তেজনা, না কোনো নগদ প্রাপ্তি। সে বরং দাবি করে—সময় দাও, মগ্ন হও, খানিকটা ধৈর্য ধরো। আর এ ধৈর্যটাই এখন পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য বস্তু। ফলে, বইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক ক্ষেত্রে আত্মিক না হয়ে হয়ে উঠছে প্রতীকী। আমরা বইকে আর ধারণ করছি না, বইকে ব্যবহার করছি।
স্বভাবতই প্রশ্ন ওঠে—এই ব্যবহারের লক্ষ্য কী? সম্ভবত এক ধরণের সামাজিক মর্যাদা।
সমাজে আজও ‘বইপড়া মানুষ’ মানেই এক বিশেষ গাম্ভীর্য, একটু গভীরতা, একটু ‘অন্যরকম’ কিছু। এই ভাবমূর্তিটা আজও বেশ আকর্ষণীয়। কিন্তু সেই গভীরতায় পৌঁছানোর পথটা দীর্ঘ এবং শ্রমসাধ্য। তাই আমরা অনেক সময় শর্টকাট খুঁজি।
বইয়ের গহীনে না ঢুকে আমরা তার অবয়বটাকে আঁকড়ে ধরি। বইয়ের তাক, মলাট কিংবা সুন্দর করে তোলা ছবি—সব মিলিয়ে একটা বুদ্ধিবৃত্তিক পরিচয় তৈরি করি। যেন বইটা আর জ্ঞানের ফোয়ারা নয়, বরং আধুনিক সমাজের এলিট পাসপোর্ট।
তবে এই বিবর্তনকে পুরোপুরি ‘ভান’ বলে উড়িয়ে দেওয়া হয়তো ঠিক হবে না। এর মধ্যে দুঃখজনক সত্যও লুকিয়ে আছে।
মানুষের একটা বিচিত্র স্বভাব আছে—সে অনেক সময় নিজের কাঙ্ক্ষিত সংস্করণের অভিনয় করতে করতে একসময় সেই সত্তাটাকেই ছুঁয়ে ফেলে। যে তরুণটি আজ কফিশপে শুধু ছবি তোলার জন্য বই খুলছে, তার অবচেতনেও কোথাও হয়তো একটা অস্বস্তি কাজ করে। সে জানে, সে আসলে পড়ছে না।
এই লুকোনো অস্বস্তিটাই কোনো কোনো নিঝুম দুপুরে তাকে বাধ্য করে মলাট উল্টে ভেতরে ঢুকতে। হয়তো সেই অস্বস্তি থেকেই সে পড়ে ফেলে দু-চার পাতা। অভিনয় আর বাস্তবের মাঝখানে যে সূক্ষ্ম ফাটল থাকে, সেই পথ দিয়েই কখনো কখনো সত্যের আলো প্রবেশ করে। সবাই পড়ে না, কিন্তু কেউ কেউ নিশ্চয়ই পড়ে।
তবুও একটা বড় বিপদের ছায়া থেকেই যায়। যদি এই অভিনয়টাই আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়? যদি বইয়ের সঙ্গে আমাদের যোগাযোগটা চিরকাল বাহ্যিকই থেকে যায়?
তাহলে বই আর আমাদের বদলাবে না। আমরা বইকে সাজিয়ে রাখব, কিন্তু বই আমাদের সাজাতে পারবে না—যেভাবে একটা ভালো বই ধীরলয়ে একজন মানুষের ভেতরটা আমূল বদলে দেয়। তখন বই হয়ে উঠবে সুন্দর আসবাব, ঘর সাজানোর সামগ্রী মাত্র। আর প্রকৃত জ্ঞান? সে হয়তো অভিমানী কোনো নদীর মতো পথ বদলে দূরে চলে যাবে।
ফলে প্রশ্ন করা যেতেই পারে, আমরা কি সত্যিই পড়তে চাই, নাকি বইপড়া মানুষ হিসেবে কেবল পরিচিত হতে চাই? এই দুটির মাঝখানের যে ব্যবধান, সেটাই ঠিক করে দেয় বই আমাদের জীবনে কোথায় দাঁড়িয়ে থাকবে। মলাটের জৌলুসে, নাকি শব্দের নিঃশব্দ বিপ্লবে।

কোরবানির পশুর হাটে ভিড় বাড়ছে। চারদিকে শোরগোল। বেশ মোটাতাজা গরুর পাশে দাঁড়িয়ে মোবাইল উঁচিয়ে ধরেছেন এক তরুণ। মুখে তাঁর চওড়া হাসি। গরুর গলায় ঝোলানো রঙিন মালাটা ঠিকমতো ফ্রেমে আসছে কি না, সেটাই তখন তাঁর সবচেয়ে বড় চিন্তা। ক্যামেরায় বেশ কয়েকটি ক্লিক করার পর অবশেষে মুখে স্বস্তির হাসি ফুটল! পাশ থেকে তাঁর বা
১১ ঘণ্টা আগে
বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিজীবন ইতিহাসের চেয়ে কম কিছু নয়। তাদের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে এত কিংবদন্তির জন্ম হয় যে নির্দিষ্ট সময় পর আর পার্থক্য করা যায় না—কোন ঘটনাটি আসলেই সত্য, আর কোনটি মিথ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) সাম্য, প্রেম ও দ্রোহের কবি।
১৩ ঘণ্টা আগে
এদিকে এবারে অনলাইনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গরু কেনাবেচার পাশাপাশি হোম ডেলিভারী, কসাইয়ের সুবিধাসহ আরও বিভিন্ন সেবা দিয়ে থাকে।
১৩ ঘণ্টা আগে
আজ বব ডিলানের জন্মদিন। ১৯৪১ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই নগরবাউল ছয় দশক ধরে গানে গানে বলেছেন চলতি সময় ও সমাজের কথা। আজ ফিরে তাকানো যাক ১৯৬৫ সালের ২৫ জুলাইয়ের সেই সন্ধ্যায়। যেদিন সবাইকে অবাক করে দিয়ে ‘নিউপোর্ট ফোক ফেস্টিভ্যাল'-এ ইলেকট্রিক গিটার হাতে দেখা মিলেছিল ‘অচেনা’ এক ডিলানের। কী ঘটেছ
১৫ ঘণ্টা আগে