শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা নিতে গড়িমসি, ধর্নায় রাহুল গান্ধী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৬: ০৯
ভুক্তভোগী শিক্ষার্থী সাহিল লোচাবকে নিয়ে ধর্নায় বসেছেন রাহুল গান্ধী। ছবি: দ্য হিন্দু
ভুক্তভোগী শিক্ষার্থী সাহিল লোচাবকে নিয়ে ধর্নায় বসেছেন রাহুল গান্ধী। ছবি: দ্য হিন্দু

ভারতের দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর পেলেট গান ব্যবহারের ঘটনায় মামলা দায়েরের দাবিতে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার (২১ আগস্ট) পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে এই অবস্থান কর্মসূচি নেন তিনি।

গত ২০ জুলাইয়ের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজিপি) মিছিলে শিক্ষার্থীদের ওপর পেলেট গান বা স্প্লিন্টার ব্যবহারের অভিযোগ ওঠে। এই হামলায় চোখে আঘাত পাওয়া ১৯ বছর বয়সী ভুক্তভোগী শিক্ষার্থী সাহিল লোচাবকে নিয়ে এজাহার (এফআইআর) নিবন্ধনের দাবিতে ধর্নায় বসেন রাহুল গান্ধী।

এর আগে মান্দির মার্গ থানায় গিয়ে মামলা দায়েরের চেষ্টা ব্যর্থ হলে তাঁরা পার্লামেন্ট স্ট্রিট থানায় আসেন। এরপর সেন্ট্রাল ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) শচীন শর্মার সঙ্গে বৈঠক করেন। কোনো সমাধান না আসায় ডিসিপি কার্যালয় সংলগ্ন ওই থানাতেই তাঁরা ধর্নায় বসেন।

থানার বাইরে সাংবাদিকদের কাছে রাহুল গান্ধী বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের ওপর এ ধরনের বর্বরতা গুরুতর অপরাধ। সাহিল এফআইআর করতে চায়, কিন্তু করতে দেওয়া হচ্ছে না। দিল্লি পুলিশ না শুনলে আমরা কার কাছে যাব? আমরা কেবল বিচার চাইছি।’

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ আগস্ট সাহিল তাঁর আইনজীবীদের নিয়ে লিখিত অভিযোগ জমা দিলেও পুলিশ কোনো রসিদ বা আইও নম্বর দেয়নি। পরে ১৭ আগস্ট ইমেইল ও ফোনে যোগাযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী।

দিল্লি পুলিশ শুরু থেকেই পেলেট গান ব্যবহারের অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করে আসছিল। তবে পার্লামেন্ট স্ট্রিট থানার জেনারেল ডায়েরি (জিডি) এন্ট্রি থেকে জানা যাচ্ছে, এক ডিসিপি কর্মকর্তার নির্দেশে র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) দাঙ্গাবিরোধী বন্দুক থেকে দুই রাউন্ড পেলেট গান ফায়ার করেছিল।

লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অন্তত এক শিক্ষার্থীর চোখে পেলেট গান লাগার তথ্য নিশ্চিত হওয়া গেছে। বর্তমান পরিস্থিতির বিষয়ে সেন্ট্রাল ডিসিপি শচীন শর্মা জানান, লিখিত অভিযোগ হয়েছে এবং ২০ জুলাইয়ের ঘটনাগুলো নিয়ে ক্রাইম ব্রাঞ্চের তদন্ত চলছে।

এদিকে বিনা অনুমতিতে থানায় গিয়ে ধর্নায় বসার ঘটনায় রাহুল গান্ধীর সমালোচনা করেছেন বিজেপি এমপি রবি শঙ্কর প্রসাদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘অরাজকতার রাজনীতি’র অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে জানিয়েছে যে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের উচ্চপর্যায়ের কমিটি বিষয়টি তদন্ত করছে। আদালতের প্রতি শ্রদ্ধা না জানিয়ে কংগ্রেস রাজনীতির কৌশল হিসেবে এ ঘটনা ঘটাচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত