বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বলিভিয়ার লা পাজে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বলিভিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। দেশটির মধ্য-ডানপন্থী রাষ্ট্রপতি রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। সড়ক অবরোধের কারণে প্রশাসনিক রাজধানী লা পাজেতে খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। খবর আল জাজিরা

গত সোমবার দেশটির কৃষক, খনি শ্রমিক, শিক্ষক, সরকারি কর্মচারী এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা রাজধানী লা পাজেতে জড়ো হন। মজুরি বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বেসরকারিকরণের পদক্ষেপের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় তারা এই বিক্ষোভে অংশ নেন।

গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি বলিভিয়া। এপ্রিল মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ১৪ শতাংশে পৌঁছায়। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জন-অসন্তোষ আরও তীব্র হয়েছে।

পশ্চিম বলিভিয়ার কাকিয়াভিরি থেকে প্রায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দেন ৬০ বছর বয়সী কৃষক ইভান আলারকন। তিনি বলেন, আমরা চাই তিনি পদত্যাগ করুন। কারণ, তিনি অযোগ্য। বলিভিয়া এখন বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

আন্দোলনকারীরা প্রধান সরকারি ভবনগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ কয়েক ঘণ্টা ধরে টিয়ার গ্যাস ছোড়ে।

জবাবে বিক্ষোভকারীরা পাথর ও ছোট বিস্ফোরক নিক্ষেপ করে। কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে এএফপি জানিয়েছে, অন্তত দুজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

সরকার প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি অফিসে ঢুকে আসবাবপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যাচ্ছে।

স্থানীয় টিভি স্টেশন ইউনিটেল জানিয়েছে, দেশজুড়ে ১০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্রায় দুই দশক সমাজতান্ত্রিক শাসনের পর মাত্র ছয় মাস আগে ক্ষমতায় আসেন রদ্রিগো পাজ। ক্ষমতায় এসেই তিনি দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি বাতিলের পদক্ষেপ নেন। কর্মকর্তাদের মতে, এই ভর্তুকির কারণে বলিভিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাচ্ছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত