একরামুল হত্যায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০: ০০
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে সেনা হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে আইএসপিআর। তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে রোববার একরামুল হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়। তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকেও আসামি করা হয়। পরে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই পরোয়ানার ভিত্তিতেই মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী নির্ধারিত তারিখে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে একরামুল হককে অপহরণের পর কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যা করা হয়। ওই সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের উপজেলা সভাপতি ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে একরামুল হক হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র‍্যাব কর্মকর্তাদের তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত