ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২৩: ২৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগান যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বৈঠকের অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন ইরানের সঙ্গে কথা বলছি এবং ভালো আলোচনা চলছে।’

ট্রাম্প দাবি করেন, ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করায় তারা এই বৈঠকের অনুরোধ করতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, ইরানের সঙ্গে ভালো সমঝোতা হওয়ার সুযোগ রয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় দেশগুলোতে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ান উপগ্রহ বা স্যাটেলাইট ইরানকে সাহায্য করছে কি না, সে বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞাসা করবেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি পুতিনকে এ বিষয়ে জিজ্ঞেস করব এবং সত্য জানব।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, উপসাগরীয় দেশ এবং মার্কিন সামরিক ঘাঁটিতে রাশিয়ার স্যাটেলাইট নজরদারির প্রমাণ পেয়েছে ইউক্রেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান লড়াই প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এই লড়াইয়ে সরাসরি জড়িত নয়। তবে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে যুক্তরাষ্ট্র এতে অংশ নিতে পারে।

সম্প্রতি হুতি ও সৌদি আরবের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং হুতিরা সৌদির বন্দরগুলোতে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে।

সৌদি আরব আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।

তবে গত শুক্রবার ট্রাম্প স্পষ্ট করেছিলেন, আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি এগোবে না।

তুরস্কের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রিতে ইসরায়েলের আপত্তির বিষয়ে ট্রাম্প বলেন, তুরস্ক তাঁর ভালো মিত্র এবং ওয়াশিংটনের কী বিক্রি করা উচিত আর কী নয়, তা কেউ নির্ধারণ করে দিতে পারে না।

মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে ট্রাম্প বলেন, আমেরিকার কাছে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250

সম্পর্কিত