পরমাণু হামলা হলে একই ধরনের বিধ্বংসী জবাব দেবে তেহরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২১: ১২
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে তেহরানের ফ্রিডম স্কয়ারে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ছবি: সংগৃহীত
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে তেহরানের ফ্রিডম স্কয়ারে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের ওপর পারমাণবিক হামলা চালালে একই ধরনের বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ফাদা হোসেইন মালেকি। তবে ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

বুধবার (১৯ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন মালেকি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা বিবেচনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ‘অবিবেচনাপ্রসূত’ সিদ্ধান্ত নিতে পারেন—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্র এমন হামলা চালালে ইরানও জবাব দেবে। যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিক্রিয়া জানাবে ইরান।

পারমাণবিক অস্ত্রের জবাবে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না—এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার জবাব দেবে।’ তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে—সরাসরি এমন দাবি করেননি তিনি।

যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে মালেকি বলেন, ইরানের হাতে ‘একাধিক বিকল্প’ রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইরানের জবাব একই মাত্রার বা তার চেয়েও কঠোর হতে পারে।

ইরানের হাতে থাকা অনেক অস্ত্র ও দেশটির সামরিক সক্ষমতার বড় একটি অংশ এখনো প্রকাশ্যে আনা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং তেহরান ‘সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ’ সক্ষমতা তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত থাকা আলোচনা নিয়েও কথা বলেন মালেকি। তাঁর অভিযোগ, দুই দেশের সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না বলেও জানান তিনি।

মালেকি আরও বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা আলাদা দ্বিপক্ষীয় প্রক্রিয়া। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ তেহরান প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আনাদোলু

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

পরমাণু হামলা হলে একই ধরনের বিধ্বংসী জবাব দেবে তেহরান