রানওয়ে থেকে ছিটকে গাড়ির ওপর পড়ল আমাজনের বিমান, নিহত ৫
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) বেলা দুটায় বোয়িং ৭৬৭-৩০০ মডেলের আমাজন এয়ারের কার্গো বিমান পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।
মায়ামি বন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে উত্তর-পশ্চিম প্রান্তে গিয়ে পড়ে। এ সময় মাটিতে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর বিমান আছড়ে পড়ায় আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ করে দেয়। ঘটনার সময় সেখানে হালকা বজ্রঝড় ও দমকা হাওয়া বইছিল বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ‘অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং অপর পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।’
মায়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, ২০০ জনের বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে দুর্ঘটনাস্থলে এখনো জ্বালানি তেল ছড়িয়ে রয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বিষয়টি তদন্ত করছে।
তথ্যসূত্র: বিবিসি
.png)






